সখীপুরে মাস্ক না পরলে মিলবে না কোনো সেবা
টাঙ্গাইলের সখীপুরে কোনো ব্যক্তি মাস্ক না পরলে সরকারি কোনো কার্যালয়ে সেবা পাবেন না, এমনকি বাজার থেকে কোনো পণ্যও কিনতে পারবেন না।
টাঙ্গাইলের সখীপুরে 'নো মাস্ক, নো সার্ভিস' নামের একটি কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় কোনো ব্যক্তি মাস্ক না পরলে সরকারি কোনো কার্যালয়ে সেবা পাবেন না, এমনকি বাজার থেকে কোনো পণ্যও কিনতে পারবেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
আজ থেকে সখীপুর উপজেলার প্রতিটি সরকারি, বেসরকারি, স্বায়ত্ত্বশাসিত, আধা-সরকারি প্রতিষ্ঠানে সেবা গ্রহীতাদের অবশ্যই মাস্ক পরতে হবে। মাস্ক ব্যবহার না করলে সেবা গ্রহীতাকে কোনো সেবা দেওয়া যাবে না।
'নো মাস্ক, নো সার্ভিস' লেখা একটি ব্যানার নিয়ে প্রচার শুরু হয়। সাড়ে ১২টার দিকে সখীপুরের মুখতার ফোয়ারা চত্বরে এসে এটি শেষ হয়। এ সময় দরিদ্র লোকজনের মাঝে বিনা মূল্যে মাস্ক সরবরাহ করা হয়।
এ সময় ইউএনওর সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার, ভাইস চেয়ারম্যান কাজী শফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে ও জনসচেতনতা বাড়াতে দপ্তর প্রধানকে কার্যালয়ের সামনে 'নো মাস্ক, নো সার্ভিস' লেখা ব্যানার টানাতে বলা হয়েছে। আজ থেকে সখীপুর উপজেলার প্রতিটি সরকারি, বেসরকারি, স্বায়ত্ত্বশাসিত, আধা-সরকারি প্রতিষ্ঠানে সেবা গ্রহীতাদের অবশ্যই মাস্ক পরতে হবে। মাস্ক ব্যবহার না করলে সেবা গ্রহীতাকে কোনো সেবা দেওয়া যাবে না। সেবা গ্রহীতা দরিদ্র অথবা তাঁর মাস্ক কেনার সামর্থ্য না থাকলে তাঁকে মাস্ক কিনে দিতে হবে।
ইউএনও আরও বলেন, মার্কেট, হাট-বাজার, যানবাহন, শপিং মলে কোনো ব্যক্তি মাস্ক ছাড়া ঢুকতে পারবেন না। মাস্ক না থাকলে কারো কাছে পণ্য বিক্রি করা যাবে না। এই সংশ্লিষ্ট সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়গুলো নিশ্চিত করবেন। এর অন্যথা হলে তার দায় সভাপতি ও সাধারণ সম্পাদককে নিতে হবে।