সখীপুরে শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তির করোনা নেগেটিভ
টাঙ্গাইলের সখীপুরে শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ক্ষুদ্র ব্যবসায়ী করোনা আক্রান্ত ছিলেন না। আজ মঙ্গলবার রাত ১০টায় সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যবসায়ীর পারিবারিক সূত্রমতে, সপ্তাহখানেক আগে ওই ব্যবসায়ী শ্বাসকষ্টে ভোগেন। ওই সময় স্বজনেরা তাঁকে হাসপাতালে নিতে চাইলেও তিনি রাজি হননি। গত রোববার সকালে তাঁর আবার শ্বাসকষ্ট শুরু হয়। দুপুরে অবস্থার অবনতি হলে তাঁকে সখীপুর হাসপাতালে আনার পথে মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাদল করোনা সন্দেহে তাঁর লাশ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠায়। আজ রাতে ওই ব্যবসায়ীসহ আরও ১০ জনের পরীক্ষার ফল হাসপাতালে ই–মেইলে আসে। তাঁদের কেউই করোনাভাইরাসে আক্রান্ত নন বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, সখীপুরে এ পর্যন্ত ৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ রাত ১০টা পর্যন্ত ৫৭ জনের নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।