সখীপুরে স্ত্রীর মামলায় গ্রেপ্তার শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক মিজানুর রহমান
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন আইন মামলায় গ্রেপ্তার হওয়া শিক্ষক মিজানুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার লাঙ্গুলিয়া উচ্চবিদ্যালয়ে স্টাফ কাউন্সিলের সভায় তাঁকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। ওই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম গতকাল বিকেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সত্যতা নিশ্চিত করেন।

গতকাল বুধবার সকাল ৯টা ৫ মিনিটে শিক্ষক মিজানুর রহমানের স্ত্রী রুমি আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে সখীপুর থানায় মামলা করেন। পুলিশ ওই মামলায় মাত্র ৩ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তারসহ মামলার সব কার্যক্রম শেষ করে দুপুর ১২টা ৫ মিনিটে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেয়। বাংলাদেশের ইতিহাসে দ্রুত এই মামলার অভিযোগপত্র জমা দিয়ে রেকর্ড সৃষ্টি করেছে। এ নিয়ে আজ প্রথম আলোর ছাপা ও বুধবার অনলাইন সংস্করণে প্রতিবেদন প্রকাশিত হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০১৩ সালের ১৫ নভেম্বর মিজানুর রহমানের সঙ্গে উপজেলার দাড়িয়াপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের মেয়ে রুমির বিয়ে হয়। বিয়ের সময় রুমি আক্তারের বাবা মেয়েকে ৪ ভরি স্বর্ণালংকার দেন। বিয়ের পরের বছর মিজানুর একটি মোটরসাইকেল দাবি করেন। ওই সময় তাঁকে দেড় লাখ টাকার একটি মোটরসাইকেলও কিনে দেওয়া হয়। ২০১৭ সালে রুমির গর্ভে সন্তান আসে। আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদনে ‘কন্যাসন্তান’ জন্ম নেওয়ার খবরে মিজানুর অখুশি হন।

এ কারণে অস্ত্রোপচারের সব খরচ শ্বশুরের কাছে দাবি করেন তিনি। মেয়ের সুখের কথা ভেবে অস্ত্রোপচারের ২০ হাজার টাকাও পরিশোধ করেন রুমির বাবা। গত দুই বছর আগে চাকরিতে সমস্যার কথা বলে শ্বশুরের কাছ থেকে আরও ৫০ হাজার টাকা আদায় করেন ওই শিক্ষক মিজানুর।

শিক্ষক মিজানুর রহমানের স্ত্রী রুমির দাবি, চার মাস ধরে সে (মিজানুর) আরও দুই লাখ টাকা দাবি করে নির্যাতন করছেন। কয়েক মাস ধরে বাবার বাড়ি দিন কাটাচ্ছিলেন।

গত মঙ্গলবার সকালে রুমি স্বামীর বাসায় গেলে তাঁকে মারধর করা হয়। পরে রুমি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বুধবার সকালে তিনি স্বামীকে একমাত্র আসামি করে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে সখীপুর থানায় মামলা করলে পুলিশ মিজানুরকে গ্রেপ্তার করে।