সখীপুরে ৭০ বছরের বৃদ্ধের মৃত্যু, সন্দেহ করোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

টাঙ্গাইলের সখীপুরে আজ রোববার দুপুরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনাভাইরাস সন্দেহে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

আজ দুপুরে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, মৃত ওই ব্যক্তি একজন মুক্তিযোদ্ধা। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমা ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, মারা যাওয়া ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন না আসা পর্যন্ত ওই বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, মৃত ব্যক্তি একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাসদস্য ছিলেন। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার ব্যবস্থা করা হচ্ছে।