মৌলভীবাজারে সাশ্রয়ী মূল্যে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির সময় একটি পরিবারে দুটি কার্ড বরাদ্দের ঘটনা পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর তাৎক্ষণিকভাবে কার্ড জব্দ ও ক্রয় করা পণ্য ফিরিয়ে নেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরের দিকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় প্রশাসন ও উপস্থিত লোকজন সূত্রে জানা গেছে, রোববার সকালে সদর উপজেলার চাঁদনীঘাট ইউপি প্রাঙ্গণে পারিবারিক কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমেদ। ইউপি চেয়ারম্যান আখতার উদ্দিন আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীনা রহমান। পরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মোহাম্মাদ জাকারিয়া উপস্থিত হয়ে বক্তব্য দেন।
এদিকে পণ্য বিক্রি শুরু হওয়ার একপর্যায়ে এক ব্যক্তি মোটরসাইকেলের দুই দিকে দুটি তেলের বোতল ও অন্যান্য পণ্য ঝুলিয়ে ইউনিয়ন প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ইউএনও সাবরীনা রহমানের নজরে আসে বিষয়টি। ইউএনও মোটরসাইকেলের আরোহী চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজুরার মামুনুর রশীদ নামের ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন। এরপর নিশ্চিত হন এই ব্যক্তি তাঁর ও তাঁর স্ত্রীর নামে বরাদ্দ দুটি কার্ডে পণ্য কিনেছেন। একই পরিবারের দুজনের নামে কার্ড হওয়ায় তাৎক্ষণিকভাবে দুটি কার্ড জব্দ ও পণ্য ফিরিয়ে নেন ইউএনও। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, ওই ব্যক্তি ব্যবসায়ী ও তাঁর পরিবারটি সচ্ছল।
ইউপি চেয়ারম্যান আখতার উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘এক পরিবারে দুটি কার্ড থাকায় আমরা কার্ড সিজ করেছি। এক পরিবারে দুজন পাওয়ার কথা না। দ্রুত তালিকা করতে গিয়ে কিছু সমস্যা হয়েছে। এই কার্ড পাশের কাউকে দেওয়ার কথা। তা না দিয়ে তিনি নিজের নামে লিখে ফেলেছেন।’ চেয়ারম্যান জানিয়েছেন, এ দুটি কার্ড দুজন দরিদ্র ব্যক্তিকে দেওয়া হবে।
এদিকে মামুন মিয়া নামের একজন রিকশাচালক দুটি কার্ডে পণ্য তুলতে আসেন। তাঁর নামে কার্ড কি না, জানতে চাইলে তিনি জানান, একজন প্রবাসী তাঁকে পাঠিয়েছেন। যাঁদের নামে কার্ড, তাঁদের কাউকে তিনি চেনেন না।
ইউএনও সাবরীনা রহমান প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যানদের তালিকা করতে বলেছিলাম। তাঁরা মেম্বারকে বলেছে। তালিকা করতে তাড়াহুড়ো ছিল। ওই ব্যক্তির কার্ড দুটি ছিল। নিয়ে নিয়েছি। তবে এ রকম ওই একটাই পাওয়া গেছে। আমাদের লোকজন ছিল। আর পাওয়া যায়নি।’
সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদনীঘাট ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে দেখা গেছে, ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ আসছেন। তাঁরা কার্ড দেখিয়ে টাকা পরিশোধ করে পণ্য নিয়ে যাচ্ছেন।
সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ৪ হাজার ১৪৭ জনকে টিসিবির পণ্য কেনার জন্য পারিবারিক পরিচিতি কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে চাঁদনীঘাট ইউনিয়নে আছেন ৪৩০ জন।