সচ্ছল ব্যক্তিদের বরাদ্দ দেওয়া খাসজমি বাতিলের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালীতে খাসজমি প্রকৃত ভূমিহীনদের দেওয়ার দাবি জানিয়ে মিছিল করেছে কৃষক খেতমজুর সমিতি। রোববার দুপুরে উপজেলা সদরে
ছবি : প্রথম আলো

পিরোজপুরের কাউখালী উপজেলায় সচ্ছল ব্যক্তিদের নামে বরাদ্দকৃত খাসজমি বাতিল করে প্রকৃত ভূমিহীনদের দেওয়ার দাবি জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে কৃষক খেতমজুর সমিতি। আজ রোববার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এরপর সেখানে কৃষক খেতমজুর সমিতির কাউখালী উপজেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র মিস্ত্রির সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, জেলা শাখার সাধারণ সম্পাদক নিমাই মণ্ডল, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নৃপেন্দ্র নাথ বাড়ৈ প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৯ সালের ১০ জানুয়ারি তৎকালীন জেলা প্রশাসক কাউখালী উপজেলায় ১৩৭ জনকে খাসজমি বন্দোবস্তের অনুমোদন দেন। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে একজন বীর মুক্তিযোদ্ধা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। ১৩৭ জনের নামের তালিকা ঘেঁটে ব্যবসায়ী ২০ জন, ২৫ জন সচ্ছল ব্যক্তি, ৩ জন প্রবাসী ও চাকরিজীবী ও তাঁদের স্ত্রীসহ মোট ৫৩ জনের সন্ধান পাওয়া গেছে, যাঁরা ভূমিহীন নন।

আরও পড়ুন

এ বিষয়ে ১০ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘সচ্ছলেরা পেলেন খাসজমি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হুমায়ুন কবিরকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছেন।

সমাবেশে বক্তারা বলেন, খাসজমি বরাদ্দ পাওয়া ব্যক্তিদের অনেকেই ভুয়া ভূমিহীন। সচ্ছল ব্যক্তিরা প্রভাব খাটিয়ে ও ঘুষ দিয়ে তাঁদের নামে এসব খাসজমি নিয়েছেন। তদন্ত করে এসব খাসজমির বরাদ্দ বাতিল করতে হবে। এদিকে উপজেলার চিরাপাড়া মৌজায় ২৫ থেকে ৩০ বছর ধরে অর্ধশত ভূমিহীন কৃষক পরিবার বসবাস করছে। ওই পরিবারগুলো শুরু থেকে খাসজমি পাওয়ার জন্য আবেদন করলেও তাদের কোনো বরাদ্দ দেওয়া হয়নি। অথচ ধনাঢ্য ব্যক্তি, ধনী কৃষক ও ব্যবসায়ীরা খাসজমির বন্দোবস্ত পেয়েছেন। বিষয়টি অমানবিক। তাই তাঁরা প্রকৃত ভূমিহীন কৃষকদের নামে খাসজমি বন্দোবস্ত দেওয়ার দাবি জানাচ্ছেন।

সমাবেশ শেষে ছয় দফা দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন কৃষক খেতমজুর সমিতির নেতারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন বলেন, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে আছেন। তবে তিনি শুনেছেন একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। জেলা সদর থেকে ফিরে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।