সচ্ছলতা ফেরাতে বাড়িতে গাঁজার আবাদ, ২৯টি গাছ জব্দ
ভ্যানচালক নাসির উদ্দীন খান (৩৮) পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে মাস ছয়েক আগে বাড়ির পাশে বাগানে ২৯টি গাঁজার গাছ রোপণ করেছিলেন। কিন্তু তাঁর সেই স্বপ্নে রণেভঙ্গ দেয় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার বিকেলে পুলিশ তাঁর বাড়িতে হানা দেয়। বাগান থেকে একে একে ২৯টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরঙ্গল গ্রাম থেকে এসব গাছ উদ্ধারের সময় ভ্যানচালক নাসিরকেও গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, বিরঙ্গল গ্রামের ভ্যানচালক নাসির উদ্দীন তাঁর বাড়িতে বাণিজ্যিকভাবে গাঁজা চাষ করছেন—গোপনে এমন সংবাদ পায় পুলিশ। সংবাদের সত্যতা নিশ্চিত হওয়ার পর বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ আজ বিকেলে নাসিরের বাড়িতে অভিযান চালায়। এ সময় নাসির তাঁর বাড়িতে গাঁজার গাছ থাকার বিষয়টি অস্বীকার করেন। একপর্যায়ে পুলিশ তাঁর বাড়ির পাশের বাগানে তল্লাশি চালায়। তখন একে একে ২৯টি গাঁজার গাছ উদ্ধার হয়।
পুলিশ আরও জানায়, নাসির গাছগুলোকে আঙুরগাছ বলে পুলিশকে জানায়। পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, পরিবারে সচ্ছলতা আনতে তিনি গোপনে বাড়িতে গাছগুলো রোপণ করেছিলেন। মাস ছয়েক আগে এসব গাছ লাগালেও তিনি এখন পর্যন্ত তা বিক্রি করতে পারেননি।
অভিযানে নেতৃত্ব দেওয়া উপপরিদর্শক মনির হোসেন প্রথম আলোকে বলেন, বাণিজ্যিকভাবে নাসির এসব গাঁজার গাছ রোপণ করেছিলেন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।