সড়ক দুর্ঘটনায় বিমা কর্মকর্তাসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় গতকাল শুক্রবার সকালে বাসের চাপায় হাফিজুর রহমান খান (৪০) নামের এক বিমা কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি সন্ধানী লাইফ ইনসু্৵রেন্স কোম্পানির পিরোজপুর জেলা কর্মকর্তা। ভোরে ফরিদপুর সদর উপজেলার বদরপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের চাপায় অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি গ্রামের আবদুল আজিজের ছেলে হাফিজুর রহমান সকালে মোটরসাইকেলে করে নেছারাবাদ থেকে জিয়ানগরে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে পিরোজপুর-জিয়ানগর সড়কের টগরা মোড়ে ঢাকাগামী ধানসিঁড়ি পরিবহনের একটি বাসের চাপায় তিনি আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর বেলা পৌনে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ভোরে ফরিদপুরের বদরপুরে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় একটি যানবাহনের চাপায় অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়। তাঁর পরনে ছিল চেক লুঙ্গি ও জলপাই রঙের পাঞ্জাবি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়।