সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টায় মাওনা-বরমী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মিঠুন (২২) কাপাসিয়া উপজেলার রায়েদের চৌড়াপাড়া গ্রামের হারিস ব্যাপারীর ছেলে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় লোকজন বলেন, মিঠুন তাঁর বড় ভাই কামরুজ্জামানকে মাওনা চৌরাস্তায় নামিয়ে দিয়ে বরমী হয়ে বাড়ি ফিরছিলেন। খুব দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মিঠুন। সাতখামাইর চেরাগ আলী মাজারের কাছে পৌঁছে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় সড়কের পাশে একটি কংক্রিটের পিলারে সজোরে ধাক্কা খান তিনি। এতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, হাসপাতালে আসার আগেই তিনি মারা যান।