সতিনের বাসায় বেড়াতে এসে খুন
মে মাসের প্রথম বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের নালাপাড়ায় নিজ বাসায় খুন হন মা ও মেয়ে। রাতে মুরাদপুরে ব্যাংকের ভেতরে খুন করা হয় নিরাপত্তারক্ষীকে। গতকাল মাসের দ্বিতীয় বৃহস্পতিবার খুন হলেন আরেক নারী। নিহত শারমীন আক্তার (২৬) মির্জারপুল এলাকায় সতিনের বাসায় বেড়াতে এসেছিলেন।
পাঁচলাইশ থানা থেকে ৪০০ মিটার দূরে মির্জারপুল এলাকার বহুতল ভবন ইক্যুটি ভিলেজের চতুর্থ তলায় সতিনের যে ফ্ল্যাটে গতকাল দুপুরে ছুরিকাঘাতে শারমীনকে খুন করা হয়, সেখানে এক সপ্তাহ আগে বেড়াতে এসেছিলেন তিনি। তাঁর স্বামী প্রবাসী। দশ মাস বয়সী একটি ছেলে রয়েছে শারমীনের।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, শারমীনের মাথায় ও পেটের ডান দিকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
সতিন রোজি আক্তারের দাবি, দুপুরে বাসায় ডাকাত ঢুকে শারমীনকে কুপিয়ে হত্যা করেছে। ওই বাসায় তখন শারমীন ও তাঁর ছেলে আহমেদুর রহমান, রোজি আক্তার ও তাঁর ছোট মেয়ে হালিমা আক্তার ছিলেন। শারমীন খুন হলেও অন্যরা অক্ষত রয়েছেন। বাসা থেকেও কিছু খোয়া যায়নি। ভবনের নিচতলার দারোয়ানেরাও ডাকাতির ঘটনার কথা জানাতে পারেননি।
গত বৃহস্পতিবার সকালে মা-মেয়ে এবং রাতে ব্যাংকের ভেতরে নিরাপত্তাকর্মীকে খুন করা হয়। গতকাল আবারও খুনের ঘটনা ঘটলেও নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মনে করেন না পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল। এসব বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেন তিনি। পুলিশ কমিশনার বলেন, ঘরের ভেতরে পরিবারের লোকজন একে অন্যকে খুন করলে ঠেকাবে কে?
আবাসন ব্যবসায়ী সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী আবদুল হাকিমের দ্বিতীয় স্ত্রী শারীমন। তাঁর প্রথম স্ত্রী রোজি মির্জারপুলের ফ্ল্যাটে এবং শারমীন বহদ্দারহাট এলাকায় আরেকটি ফ্ল্যাটে থাকতেন।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারিবারিক ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। হত্যায় জড়িত সন্দেহে পুলিশ রোজি আক্তারকে আটক করেছে। বাসার গৃহশিক্ষক মো. আলী, গাড়িচালক মো. আনিসসহ আটজনকে পাঁচলাইশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
ইক্যুটি ভিলেজে গতকাল নিরাপত্তাকর্মীর দায়িত্বে ছিলেন আনোয়ার হোসেন, মো. কামাল ও মনির আহমেদ। তাঁরা জানান, ওই ফ্ল্যাটে তাঁরা কাউকে যেতে দেখেননি। এই ভবনের কোনো ফ্ল্যাটে অতিথিরা যেতে চাইলে নিরাপত্তাকর্মীরা ইন্টারকমের মাধ্যমে ফোন করে তাঁর পরিচয় সংশ্লিষ্ট বাসায় জানান। বাসা থেকে অনুমতি না মিললে অতিথিরা ফ্ল্যাটে প্রবেশ করতে পারেন না।
নিরাপত্তাকর্মীরা জানান, গাড়িচালক আনিসের মাধ্যমে তাঁরা জানতে পারেন বাসায় এক নারী খুন হয়েছেন।
গাড়িচালক মো. আনিস জানান, আবদুল হাকিমের ব্যবসাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পাশাপাশি মালিকের প্রথম স্ত্রী ও মেয়েদের আনা-নেওয়ার কাজ করেন তিনি। গতকাল বেলা ১১টা ৫০ মিনিটে তিনি প্রথম স্ত্রীর বড় মেয়ে হুমায়রা, মেজ মেয়ে ফাতেমা, পালক ছেলে মো. হোসাইন, দ্বিতীয় স্ত্রীর ছোট ভাই রকিবুল হোসেনকে নিয়ে কালামিয়া বাজার এলাকায় গৃহশিক্ষক মো. আলীর খালার বাসায় যান। গাড়িতে গৃহশিক্ষকও ছিলেন। তাঁদের নামিয়ে দিয়ে সুগন্ধায় আবদুল হাকিমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফিরে আসেন তিনি। দুপুর ১২টা ৪৫ মিনিটে রোজি আক্তার তাঁকে ফোন করেন। তখন কালামিয়া বাজার এলাকায় তাঁদের নামিয়ে দিয়ে আসার কথা জানান।
গৃহশিক্ষক মো. আলী নিজেকে রোজি আক্তারের মামাতো ভাই পরিচয় দিয়ে জানান, বেলা একটার দিকে আপা (রোজি আক্তার) ফোন করেন তাঁকে। তিনি জানান, বাসায় সমস্যা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে গাড়িচালক আনিসকে জানানো হয়।
গাড়িচালক আনিস জানান, আলীর ফোন পেয়ে তিনি বাসায় আসেন। এসে দেখেন খাবারঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন শারমীন আক্তার। তখন রোজি আক্তারের শোবারঘরের দরজা বন্ধ ছিল। তাঁকেও অনেকবার ডেকে কোনো সাড়া পাননি। পরে বাসার দারোয়ানদের খবর দেন তিনি। তাঁদের সাহায্যে লিফট দিয়ে নামিয়ে গাড়িতে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শারমীনকে। হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গতকাল বেলা আড়াইটায় ইক্যুটি ভিলেজের চতুর্থ তলার ফ্ল্যাটে গিয়ে দেখা যায়, রোজি আক্তার তাঁর শোবারঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করছেন। পুলিশ প্রায় ৩০ মিনিট ধরে অনুরোধ করার পর তিনি দরজা খোলেন। খুনের ঘটনার বিষয়ে তিনি জানান, বাসায় ডাকাত এসেছিল। নিজের হাতে দুটি ছুরির দাগও দেখান তিনি। পুলিশের প্রশ্নের জবাবে একপর্যায়ে শারমীনের খুনের ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।
ওই ফ্ল্যাটের একটি শোবারঘরে খাটের পাশে রক্তের দাগ দেখা গেছে। এর পাশে খাবারঘর ও রান্নাঘরের সামনে মেঝেতেও রক্তের দাগ দেখা গেছে। তবে বাসার কোনো জিনিসপত্র তছনছ দেখা যায়নি।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মিতশ্রী বড়ুয়া বলেন, ‘রক্তের দাগ দেখে মনে হচ্ছে, বাঁচার জন্য শোবারঘর থেকে খাবারঘর ও রান্নাঘরের সামনে এসে বাধা দেওয়ার চেষ্টা করেছেন ওই নারী। খুনিদের সঙ্গে ধস্তাধস্তির আলামতও পাওয়া গেছে। মনে হচ্ছে খুনিরা অপেশাদার।’
শারমীনের মামা মো. আজিম জানান, ২০১৩ সালের নভেম্বর মাসে শারমীনের সঙ্গে প্রবাসী ব্যবসায়ী ও তাঁর বন্ধু আবদুল হাকিমের বিয়ে হয়। প্রথম স্ত্রীর ঘরে কোনো ছেলেসন্তান না হওয়ায় দ্বিতীয় বিয়ে করেন তিনি।
শারমীনের মা শামসুন নাহার দাবি করেন, তাঁর মেয়েকে বাসায় এনে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তাঁর নাতিকে দেখার জন্য রোজির মেয়েরা অস্থির হয়ে আছে—এমন কথা জামাই আবদুল হাকিমকে জানানো হয়। পরে জামাই ফোন করলে সপ্তাহ খানেক আগে প্রথম স্ত্রীর বাসায় বেড়াতে যান তাঁর মেয়ে।