সদরপুরে মোটরসাইকেলের নিচে চাপা পড়ে বৃদ্ধ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেলের নিচে চাপা পড়ে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মধ্য শৈলডুবি মল্লিকবাড়ির সামনে গোয়ালন্দ-তাড়াইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আকমত মোল্লা (৭০)। তিনি কৃষ্ণপুর ইউনিয়নের শৈলডুবি মল্লিকপাড়া গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী জানান, ফসলের মাঠে কাজ করে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ আকমত মোল্লা। বাড়ি ফেরার পথে মল্লিকবাড়ির মোড় এলাকায় পৌঁছালে কৃষ্ণপুরের দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাঁকে চাপা দেয়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।