ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১০ দিন আগে ওই কিশোরী সন্তান প্রসবের পর বিষয়টি জানাজানি হয়। গত শুক্রবার রাতে গ্রামে সালিস বৈঠক করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার একটি গ্রামের হরিদাস ভৌমিক (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে সন্তানের জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে গ্রামের শতাধিক মানুষের উপস্থিতিতে সালিসের আয়োজন করা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ হলে অভিযুক্ত হরিদাস তাকে বিয়ে করবেন। মা ও শিশুর নিরাপত্তার জন্য তিনি ৩০ শতক জমিও লিখে দেবেন। আরও কিছু শর্ত দিয়ে ৩০০ টাকার একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এসব সিদ্ধান্ত পরবর্তী সময়ে লেখা হবে।
ভুক্তভোগী কিশোরীর মা প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী কাজের প্রয়োজনে বাইরে থাকেন। তিনিও অন্যের বাড়িতে কাজ করেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে হরিদাস তাঁর মেয়েকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। মেয়ের স্বাস্থ্য ভালো থাকায় তিনি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি টের পাননি। ১৭ ফেব্রুয়ারি সকালে মেয়েটি সন্তানের জন্ম দিয়েছে। তখন তিনি বাড়িতে ছিলেন না। পরে মেয়ে ঘটনা খুলে বলে।
মেয়েটির বাবা বলেন, ঘটনা জানতে পেরে তিনি বাড়িতে এসেছেন। এলাকার লোকজনকে বিষয়টি অবগত করে মেয়ে যেভাবে থাকতে পারবে, সেভাবে একটা ব্যবস্থা করতে বলেছিলেন। তবে তিনি শঙ্কায় আছেন, সালিসের সিদ্ধান্ত অনুযায়ী চার বছর পর হরিদাস বিয়ে করবেন কি না।
মুঠোফোন বন্ধ পাওয়ায় হরিদাস ভৌমিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর ছোট ভাই গৌরদাস ভৌমিক বলেন, ‘আমার ভাই এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে জানিয়েছেন। আদালতের মাধ্যমে উভয়ের ডিএনএ পরীক্ষার পর আমার ভাই দোষী হলে যেকোনো রায় আমরা মেনে নেব।’