সন্তানকে ভালো-মন্দের ধারণা দিতে পারছি না, অ্যাসিড-সন্ত্রাস ঘটছে

নাটোর সদর উপজেলার লালমনিপুর গ্রামের কলেজছাত্রী সানজিদা খাতুনের (১৮) মুখমণ্ডলে অ্যাসিড ছুড়ে মেরেছে এক বখাটে। দীর্ঘদিন পর জেলায় অ্যাসিড–সন্ত্রাসের এমন নৃশংস ঘটনা ঘটল। এ নিয়ে প্রথম আলো কথা বলেছে নারীনেত্রী ও নাটোর এনজিও অ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাতী রানী বসাকের সঙ্গে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীনেত্রী ও নাটোর এনজিও অ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাতী রানী বসাক
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

প্রথম আলো: একটা সময় অহরহ অ্যাসিড–সন্ত্রাসের ঘটনা ঘটত। বেশ কিছুদিন ধরে নাটোরসহ সারা দেশে অ্যাসিড–সন্ত্রাসের ঘটনা কমে এসেছিল। হঠাৎ নাটোরে এমন একটা ঘটনা ঘটল...

প্রভাতী রানী বসাক: একটা সময় ছিল সংবাদপত্র খুললেই অ্যাসিড–সন্ত্রাসের খবর দেখা যেত। বিষয়টি তখন সবাইকে ভাবিয়ে তুলেছিল। ব্যক্তি ও প্রতিষ্ঠান অ্যাসিড–সন্ত্রাস নির্মূলে একজোট হয়ে কাজ করেছে। দেশে কঠোর আইন হয়েছে। দ্রুত বিচারের জন্য আলাদা বিচারব্যবস্থা গড়ে উঠেছে। জনসচেতনতা বেড়েছে। ধীরে ধীরে অ্যাসিড–সন্ত্রাসের ঘটনা কমেছে। এর মধ্যে নাটোরে নৃশংস ঘটনা ঘটল।

প্রশ্ন :

প্রথম আলো: আবার কেন অ্যাসিড–সন্ত্রাসের ঘটনা ঘটতে শুরু করল?

প্রভাতী রানী বসাক: দেশে তরুণদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ছে। তারা অনেক সময় বাস্তবতা মানতে চায় না। আমরা অভিভাবক হিসেবে হয়তো তাদের ভালো-মন্দের সঠিক ধারণা দিতে পারছি না। ফলে একতরফা প্রেমে প্রত্যাখ্যানের মতো স্বাভাবিক বিষয়কে তারা বড় করে ভাবছে। অ্যাসিড–সন্ত্রাসের মতো জঘন্য ঘটনা ঘটিয়ে তারা প্রতিশোধ নিচ্ছে।

প্রশ্ন :

প্রথম আলো: দেখা যায়, দেখতে সুন্দর ও মেধাবী মেয়েরা অ্যাসিড–সন্ত্রাসের শিকার হচ্ছেন...

প্রভাতী রানী বসাক: বখাটে ছেলেরা আশপাশের দেখতে সুন্দর ও মেধাবী মেয়েদের উত্ত্যক্ত করে। প্রেমের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে মেয়েরা সাড়া দেয় না। মেয়েদের অভিভাবকেরাও এমন ছেলেদের পছন্দ করেন না। সাড়া না পেয়ে বখাটে ছেলেরা এটাকে ‘অহংকার’ হিসেবে দেখে। অ্যাসিড ছুড়ে সেই মেয়ের চেহারা বিকৃত করে দিয়ে তার এগিয়ে চলাকে থামিয়ে দিতে চায়। প্রতিশোধস্পৃহা থেকে এমনটা করে থাকে বখাটেরা।

প্রশ্ন :

প্রথম আলো: আপনি তো বেসরকারি সংগঠন পরিচালনা করেন। একজন নারীনেত্রী। অ্যাসিড–সন্ত্রাস নির্মূলে কী করণীয়?

প্রভাতী রানী বসাক: সমাজে ব্যক্তি ও প্রতিষ্ঠানের মতো বেসরকারি সংগঠনগুলোর ভূমিকা ও দায়বদ্ধতা বাড়াতে হবে। তরুণ-তরুণীদের সচেতন করে তুলতে স্কুল-কলেজে নানা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এ কাজের জন্য বিনিয়োগ বাড়াতে হবে। অ্যাসিড–সন্ত্রাসের শিকার তরুণীদের চিকিৎসা ও দোষীদের বিচার নিশ্চিতে প্রয়োজনীয় সবকিছু করতে হবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অ্যাসিড–সন্ত্রাস নির্মূল হবে।

প্রশ্ন :

প্রথম আলো: অ্যাসিড–সন্ত্রাস নির্মূলে সরকারের উদ্যোগ পর্যাপ্ত?

প্রভাতী রানী বসাক: একটা সময় সরকার অ্যাসিড–সন্ত্রাস নির্মূলে কঠোর আইন প্রণয়ন, অ্যাসিড নিক্ষেপের মামলাগুলো দ্রুত বিচারে নিষ্পত্তি ও ভিকটিম সাপোর্ট সেন্টার চালু করেছিল। এগুলো নিয়ে সরকার বর্তমানে তেমন একটা প্রচার-প্রচারণা চালাচ্ছে না। এতে অ্যাসিড–সন্ত্রাসের ভয়াবহতা সম্পর্কে অপরাধীরা টের পাচ্ছে না। সরকারকে অ্যাসিডবিরোধী প্রচারণা বাড়াতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে কি না, তা নজরদারি করতে হবে।

আরও পড়ুন