সন্তানের সামনে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ
পারিবারিক কলহের জেরে শরীয়তপুরে শিশুসন্তানের সামনে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ভেদরগঞ্জ উপজেলার সখীপুর ইউনিয়নের সরদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহানাজ বেগম (৩৫) সরদারকান্দি গ্রামের মালেক মুন্সীর মেয়ে। তাঁর স্বামী রুবেল হাসানের বাড়ি চাঁদপুরে।
সখীপুর থানা ও স্থানীয় সূত্র জানায়, চাঁদপুর জেলা শহরের পুরান বাজার এলাকার রুবেলের সঙ্গে ১১ বছর আগে শাহানাজের বিয়ে হয়। তাঁদের পারিবারিক জীবন ভালোই কাটছিল। সম্প্রতি রুবেল শাহানাজকে না জানিয়ে আরেকটি বিয়ে করেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার সকালে ছেলে সোহানকে নিয়ে সখীপুরের সরদারকান্দি গ্রামে বেড়াতে আসেন রুবেল-শাহানাজ। সন্ধ্যায় চাঁদপুরে ফিরে যাওয়ার সময় বাড়ির কাছেই হাবিবউল্লাহ ডিগ্রি কলেজের পাশে তাঁদের ঝগড়া হয়। একপর্যায়ে তাঁদের ছেলের সামনেই রুবেল স্ত্রী শাহানাজের গলা টিপে ধরেন। এতে শাহানাজ অচেতন হয়ে পড়েন। সোহানের চিৎকারে লোকজন ছুটে আসেন। ততক্ষণে রুবেল পালিয়ে যান।
ঘটনাস্থলেই মারা যান শাহানাজ। পরে সখীপুর থানায় খবর দেওয়া হলে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।
শাহানাজের ছেলে সোহান বলে, ‘মা–বাবা ঝগড়া করত। আমরা নানার বাড়ি বেড়াতে এসেছিলাম। সন্ধ্যায় বাড়ি ফিরে যাওয়ার সময় বাবা আমার মাকে মারধর করে গলা চেপে ধরে। মা অচেতন হয়ে পড়ে যায়, আমি ডাকলেও মা সাড়া দেয়নি। আমার সামনেই মাকে বাবা মেরে চলে যায়।’
ঘটনার পর থেকেই রুবেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে ওই নারীর সঙ্গে কী হয়েছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁর স্বামী তাঁকে গলা টিপে হত্যা করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।