সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সাত কলেজে ছাত্র ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মিজানুর রহমানের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারী ‘ছাত্রলীগ’-এর সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে শহরের সাতটি কলেজে ছাত্র ধর্মঘট পালিত হয়েছে। সাধারণ ছাত্র পরিষদের ডাকে গতকাল বুধবার এ কর্মসূচি পালন করা হয়। 
এ ছাড়া বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুড়িগ্রাম-রংপুর, কুড়িগ্রাম-চিলমারী ও কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের সাতটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী ও কয়েকজন কলেজছাত্র সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ মোড় এলাকায় সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা ভোকেশনাল মোড়ে, মজিদা কলেজের শিক্ষার্থীরা কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়ক, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা নতুন রেলওয়ে স্টেশন এলাকায় কুড়িগ্রাম-রংপুর সড়ক, খলিলগঞ্জ কারিগরি কলেজের শিক্ষার্থীরা নতুন রেলস্টেশন থেকে কলেজ রোড সড়ক, কাঁঠালবাড়ি কলেজের শিক্ষার্থীরা রংপুর-কুড়িগ্রাম সড়ক ও পাটেশ্বরী কলেজের শিক্ষার্থীরা কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়ক অবরোধ করেন। ঘণ্টাব্যাপী এ অবরোধ চলে।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, আজ বৃহস্পতিবারের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে সব শিক্ষাপ্রতিষ্ঠান অচল এবং কঠোর কর্মসূচি দেওয়া হবে।
একই দাবিতে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষকেরা গত শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন। ফলে কলেজের শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে।
কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম জানান, ৩ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রলীগের স্বঘোষিত কমিটির নেতা-কর্মীদের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা ‘ক্লিন ক্যাম্পাস সেফ ক্যাম্পাস’ কর্মসূচিতে অংশ নিতে জোর করে শিক্ষার্থীদের মিছিলে নেওয়ার চেষ্টা করেন। শিক্ষার্থীরা ডিগ্রি (পাস) পরীক্ষার ফরম পূরণে ব্যস্ত থাকায় কর্মসূচিতে অংশ নিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই নেতা-কর্মীরা ফরম পূরণের কক্ষের দরজা-জানালা বন্ধ করে দেন। এ সময় প্রভাষক মিজানুর রহমান বাধা দেন। পরে রমজান আলীর নেতৃত্বে ছাত্রলীগের চার-পাঁচজন তাঁকে মারধর করেন। এ ঘটনায় ওই দিনই কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন একটি মামলা করেন। এ ছাড়া শিক্ষকদের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হয়। এখনো পুলিশ মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মিয়া জানান, শিক্ষকের ওপর হামলার ঘটনায় আবু সাঈদ, মামুনুর রশিদ ও আবু তাহের নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান আসামি রমজানকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।