সন্দেহ থেকে শিশুসন্তানকে হত্যার অভিযোগ, কারাগারে বাবা
ব্রাহ্মণবাড়িয়ায় এক শিশু হত্যায় তার বাবা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দির বরাত দিয়ে পুলিশ বলছে, শিশুটির জন্মদাতা তিনি নিজে নন, এমন সন্দেহ থেকে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
রোববার বিকেলে আদালতে জবানবন্দি দেওয়া ব্যক্তির নাম বাদল মিয়া (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের নদ্দাপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত জবানবন্দি নথিভুক্ত করেন।
এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নদ্দা গ্রামের একটি ফসলি জমি থেকে গলা কাটা অবস্থায় শিশু সায়মন মিয়ার (৯) লাশ উদ্ধার করে পুলিশ।
বাদলের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ বলছে, ২০০৫ সালে সৌদি আরবে যান বাদল। ২০১২ সালে ছুটি নিয়ে দেশে ফিরে মামাতো বোন মিলি বেগমকে (২৮) বিয়ে করেন তিনি। পরে তিনি আবার সৌদি আরব চলে যান। এরপর স্ত্রী অন্তঃসত্ত্বা বলে জানতে পারেন বাদল। তখন থেকেই স্ত্রীর প্রতি তিনি সন্দেহ করতে থাকেন। সায়মনের জন্মের পর বাদল একাধিকবার দেশে আসেন। এই দম্পতির আয়মন মিয়া (৭) ও নাঈম মিয়া (৪) নামে আরও দুটি সন্তান রয়েছে। শনিবার সকালে ঘাস কাটার কথা বলে ছেলে সায়মনকে নিয়ে নিজের একটি জমিতে যান বাদল। একপর্যায়ে সায়মনকে ঘাস কাটার কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, সায়মনের মৃত্যুর পর বাদল অনেকটা স্বাভাবিক ছিলেন। এতে পরিবারের লোকজনের সন্দেহ হয়। শিশুটির মা মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে বাদলকে আটক করা হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর রোববার বিকেলে তাঁকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।