সন্দ্বীপ চ্যানেলে ডুবে যাওয়ার ৮ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাট জেটি থেকে জোয়ারের পানিতে পড়ে ডুবে যাওয়ার আট ঘণ্টা পর মো. নুর করিম (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। গতকাল রোববার রাত আটটার দিকে লাশটি স্লুইসগেট এলাকায় ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন লাশটি দেখে উদ্ধার করেন।
এর আগে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাগরে পড়ে যাওয়া বড়শি তুলতে গিয়ে নিখোঁজ হন নুর করিম। খবর পেয়ে গতকাল বেলা একটার দিকে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে তাঁদের সঙ্গে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের চারজন ডুবুরি গিয়ে উদ্ধার অভিযানে নামেন। পাঁচ ঘণ্টা চেষ্টার পর অন্ধকার হয়ে যাওয়ায় সন্ধ্যা ছয়টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।
নিহত নুর করিমের বাড়ি উপজেলার কুমিরা ইউনিয়নের ছোটকুমিরা হিঙ্গুলীপাড়া গ্রামে।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, যখন ঘটনাটি ঘটেছে, তখন জোয়ার ছিল। স্রোতের কারণে তাঁদের উদ্ধার অভিযানে বেগ পেতে হয়েছে। তাঁরা সর্বোচ্চ চেষ্টা করেও উদ্ধার করতে পারেননি।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক প্রথম আলোকে বলেন, রাত আটটার দিকে লাশ খালে ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করেন।