সন্দ্বীপে এবার ধরা পড়ল ৩ মণ ওজনের হাঙর, পরে কেটে বিক্রি
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার স্বর্ণদ্বীপে মেঘনা নদীতে আবার তিন মণ ওজনের একটি হাঙর ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার রাতেই হাঙ্গরটি জেলেদের জালে ধরা পড়ে। পরে সেটিকে কেটে কেটে বিক্রি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক।
এর আগে ৭ জানুয়ারি উপজেলার হরিশপুর ২ নম্বর ঘাটের জেলেদের জালে ১৫০ কেজি ওজনের একটি হাঙর ধরা পড়ে। সেটি ৪৫ হাজার টাকায় বিক্রি হয়। এর চার দিন আগে ৩ জানুয়ারি সন্দ্বীপ চ্যানেলে একটি ২০০ কেজি ওজনের বিশালাকৃতির শাপলাপাতা মাছ ধরা পড়ে। সেটিও ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।
বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ সূত্র জানায়, বন্য প্রাণী সংরক্ষণ আইন, ২০১২ অনুযায়ী, শাপলাপাতা মাছ ও হাঙর ধরা সম্পূর্ণ বেআইনি। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। তবুও প্রায়ই এসব মাছ ধরছেন জেলেরা। এসবের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ কিংবা উপজেলা প্রশাসন ব্যবস্থা নিতে পারে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয় না। আইনে ক্ষমতা না দেওয়ায় মৎস্য কর্মকর্তাও এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারছেন না।
৭ জানুয়ারি প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘মেঘনায় ধরা পড়া ১৫০ কেজির হাঙর বাজারে কেটে বিক্রি’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এরপরও টনক নড়েনি প্রশাসনের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা প্রথম আলোকে বলেন, হাঙর নিধন যে অপরাধ, জেলেরা সে বিষয়ে সচেতন নন। আগামী সপ্তাহে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি বড় অভিযান চালানো হবে। এ সময় জেলেদের সচেতনও করা হবে। এরপরও তাঁরা নিষেধাজ্ঞা অমান্য করলে জেল-জরিমানা করা হবে।