সীতাকুণ্ডে পুলিশ-জেলে ‘মারামারির’ ঘটনায় মামলা, আসামি ৩৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সন্দ্বীপ চ্যানেলে নৌ পুলিশের অভিযান চলাকালে জেলেদের হামলায় দুই কনস্টেবল আহত হওয়ার ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে নৌ পুলিশের আহত সদস্য তিলক পাল বাদী হয়ে ১৩ জনের নামসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলার করেন। তবে আজ মঙ্গলবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নৌ পুলিশের অভিযোগ, অবৈধ জাল জব্দের জন্য উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা সাগর উপকূলে অভিযানে গেলে জেলেরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এ ঘটনায় আহত হন অনীক বড়ুয়া ও তিলক পাল নামের দুই কনস্টেবল।

আর বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ভাষ্য, পূর্বঘোষণা ছাড়াই সাদাপোশাকে দুই ব্যক্তি জেলেদের জাল কেটে নিয়ে যাওয়ার সময় তাঁদের সঙ্গে মারামারিতে জড়ান জেলেরা। তবে নৌ পুলিশের পরিচয় নিশ্চিত হওয়ার পর জেলেদের নিবৃত্ত করেন তিনি।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক একরামুল উল্লাহ প্রথম আলোকে বলেন, খোদ পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চলাকালে কোনো পুলিশ সদস্যের সাদাপোশাকে থাকার প্রশ্নই আসে না। তা ছাড়া কম্বিং অপারেশন চলছে গত ২৮ জানুয়ারি থেকে। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে উপজেলা মৎস্য বিভাগ জেলেদের মাইকিং করে সতর্ক করেছে। কিন্তু জেলেরা তা শোনেননি। এ কারণে তারা অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার চরঘেরা জাল ও ৩০টি জাল জব্দ করেন। অভিযানে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তাসহ মৎস্য বিভাগের পাঁচ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাড়বকুণ্ড ইউপির চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন তাঁকে জানান যে সাদাপোশাকের দুই ব্যক্তি জেলেদের জাল কেটে নিয়ে যাচ্ছিলেন। এ সময় জেলেরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে হাতাহাতির পর মারামারি শুরু হয়। স্থানীয় লোকজন তাঁকে বিষয়টি জানানোর পর নৌ পুলিশের অভিযান নিশ্চিত হয়ে তিনি সেখানে লোক পাঠিয়ে জেলেদের নিবৃত্ত করেন। জেলেরা তাঁকে জানান, পূর্বঘোষণা ছাড়াই তাঁদের লাখ লাখ টাকার জাল কেটে নিয়ে যাচ্ছিল নৌ পুলিশ। পূর্বঘোষণা থাকলে তাঁরা সাগর থেকে জাল তুলে নিয়ে আসতেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নৌ পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সন্দ্বীপেও অভিযান

অবৈধ জাল জব্দে চট্টগ্রামের সন্দ্বীপেও অভিযান হয়েছে। সন্দ্বীপ উপকূলে মোট আটটি বেহুন্দি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। অবৈধ জাল বসানোর অভিযোগে এক জেলেকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক।

এমদাদুল হক প্রথম আলোকে বলেন, অবৈধ বেহুন্দি জাল ও চরঘেরা জাল বসানো নিষিদ্ধের বিষয়টি জেলেরা অবগত। তবু নিষেধাজ্ঞা অমান্য করে জালগুলো বসাচ্ছেন তাঁরা। এ ছাড়া শাপলাপাতা মাছ ও হাঙর নিধন না করার জন্য জেলেদের সচেতন করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন, এ ধরনের অপরাধ একাধিকবার করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা ও দুই বছরের কারাদণ্ড রাখার বিধান আছে অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।