সন্ধ্যায় বড় বোনের বকা, রাতে মিলল ছোট বোনের লাশ
বগুড়ার ধুনট উপজেলায় টিকটকের ভিডিও করা নিয়ে গতকাল বুধবার সন্ধ্যায় স্কুলছাত্রী বোনকে বকাঝকা করেন বড় বোন। পরে রাত নয়টার দিকে শোবার ঘরের বাঁশের আড়ার সঙ্গে মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মেয়েটির নাম রাইসা আকতার (১৪)। সে উপজেলার পশ্চিম ভরনশাহী গ্রামের ছাবেদ আলীর মেয়ে। রাইস ধুনট পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বাড়ির আঙিনায় টিকটক ভিডিও করা শুরু করে রাইসা আকতার। এ সময় বড় বোন তাকে বকাঝকা করেন। এতে রাইসা ক্ষুব্ধ হয়। পরে রাত নয়টার দিকে রাইসার শোবার ঘরে বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখা যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন।
চকিৎসক জহুরুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই রাইসার মৃত্যু হয়েছে। তার গলায় একটি কালো দাগ আছে। তবে ময়নাতদন্ত ছাড়া রাইসার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে কোনো কিছু বলা সম্ভব নয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, রাইসা আকতার টিকটক ভিডিও করার চেষ্টা চালায়। এ নিয়ে পরিবারের লোকজন তাকে বকাঝকা করেছে বলে প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে। আরও কিছু রহস্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।