সপ্তম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শুক্রবার
নারায়ণগঞ্জে নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘সপ্তম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২১’-এর পুরস্কার বিতরণ করা হবে ১৮ মার্চ শুক্রবার। বেলা তিনটায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
আজ বুধবার বিকেলে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
এ প্রতিযোগিতায় সারা দেশ থেকে চিত্রাঙ্কনে ৮০০ এবং রচনায় ৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রথম হওয়া প্রতিযোগীকে ‘ত্বকী পদক’ এবং অন্য বিজয়ীদের ক্রেস্ট, বই ও সনদপত্র প্রদান করা হবে। প্রথম ১০ জন বিজয়ীর লেখা ও আঁকা ছবি নিয়ে ‘ত্বকী’ নামে স্মারক প্রকাশিত হবে।