সফলতার গল্প শোনালেন স্বেচ্ছাসেবকেরা

‘একবিকেলে হাঁটছি। এ সময় একটি ফোন এল মোবাইলে। মেয়েটি কাঁদো কাঁদো গলায় বলল তার জীবনের গল্প। তার পরিবার মাত্র ২০ হাজার টাকার জন্য ৭০ বছরের এক বৃদ্ধের সঙ্গে বিয়ে দিয়েছিল। বৃদ্ধের পরিবারে মেয়েটির জীবনে নেমে আসে অকথ্য নির্যাতন। মেয়েটি পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সহযোগিতা চায় আমাদের কাছে। আমরা আমাদের সামর্থ্যটুকু দিয়ে চেষ্টা করি। মেয়েটি আজ দেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক শেষ করেছে।’
স্বেচ্ছাসেবার অর্জনগুলোর স্মৃতিচারণা করতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন চট্টগ্রামের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। এ সময় মিলনায়তনভর্তি দর্শকেরাও অভিভূত হন মেয়েটির ঘুরে দাঁড়ানোর গল্প শুনে। আজ সোমবার সন্ধ্যায় নগরের জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় স্বেচ্ছাসেবক জীবনের এ ধরনের বেশ কিছু সফলতার গল্প শোনান অনেকেই।
ভলান্টারি সার্ভিসেস ওভারসিজ (ভিএসও) এবং প্রথম আলো আয়োজিত ‘স্বেচ্ছাসেবা সম্মাননা ২০২০’ উপলক্ষে চট্টগ্রামে বসে ভিএসও-প্রথম আলো স্বেচ্ছাসেবা সম্মাননাবিষয়ক এ মতবিনিময়ের আসর।
বিকেল পাঁচটায় প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরীর কথামালার মাধ্যমে শুরু হয় আয়োজন। তিনি বলেন, ‘দেশ নানা দিক থেকে এগিয়ে যাচ্ছে। এটি সকলের সমন্বিত চেষ্টার ফল। আমাদের যে প্রবল দেশপ্রেম ও একে অপরের প্রতি আন্তরিকতা রয়েছে, তার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। শুভবোধ কাজ করলে দেশ এগিয়ে যায়।’ এরপর একে একে স্বেচ্ছাসেবক জীবনের নানা ঘটনার কথা স্মরণ করেন বন্দরনগরীর স্বেচ্ছাসেবকেরা। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় স্বেচ্ছাশ্রমে কাজ করেন, এমন ৫৩টি সংগঠনের ১০২ জন স্বেচ্ছাসেবক এ সভায় অংশ নেন। তাঁদের বেশির ভাগই তরুণ ও শিক্ষার্থী।
বন্ধুসভায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি তাহমিনা সানজিদা। এ ছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন অজ্ঞাতনামা রোগীদের বন্ধু সাইফুল ইসলাম, উপলব্ধি সংগঠনের শেখ ইজাবুর রহমান, চট্টগ্রাম সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সংগঠক আলাউদ্দিন খোকন, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান ও এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিহাব জিশান।
নির্ধারিত নিয়মে মনোনয়ন শেষে চারজন স্বেচ্ছাসেবক ও চারটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে দেওয়া হবে স্বেচ্ছাসেবা সম্মাননা। এর অংশ হিসেবে সোমবার ভলান্টারি সার্ভিসেস ওভারসিজ (ভিএসও) এবং প্রথম আলোর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বড় পর্দায় প্রথম আলোর ভিডিও চিত্র অধিনায়ক ও নায়কেরা, ভিএসও ভিডিও, প্রথম আলোর ২০ বছর, গানের ভিডিও ‘সেদিন আর কত দূর’ প্রদর্শন করা হয়।