নান্দাইল পৌর বাজার
সব রাস্তায় কাদা জমায় দুর্ভোগ
বৃষ্টি হলেই বাজারের সব সড়ক কর্দমাক্ত হয়ে পড়ে। এতে পৌর এলাকার সাত-আট হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছেন।
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার পুরান বাজারের সব সড়ক কাদা–পানিতে একাকার। আবার সড়কগুলোর যে অংশ শুকনা রয়েছে, সেখানে বসানো হয়েছে দোকান। ফলে এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, নান্দাইল পৌরসভার পুরান বাজার থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো নালা নেই। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে কয়েক দিন ধরে নান্দাইলে বৃষ্টি হচ্ছে। ফলে এই বাজারের বৃষ্টির পানি জমে থাকায় পৌর শহরের সড়কগুলো কর্দমাক্ত হয়ে পড়েছে। কাদার ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করায় অবস্থা এমন খারাপ হয়ে গেছে যে এসব সড়ক দিয়ে হেঁটে চলাচল করার কোনো উপায় নেই। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন সড়কের কাদা মাড়িয়ে স্কুল-কলেজে যাচ্ছে। হেঁটে যাওয়ার সময় কাদা ছিটকে শিক্ষার্থীদের পোশাক নষ্ট হচ্ছে। সড়কগুলোয় কাদা জমে থাকায় ভোগান্তি পোহাচ্ছেন সাত–আট হাজার মানুষ।
পুরান বাজারের প্রধান সড়কগুলো ১৫ ফুট চওড়া করে আরসিসি ঢালাই করা হবে। পরে ড্রেনেজব্যবস্থা গড়ে তোলা হবে।
গত বুধবার সরেজমিন দেখা গেছে, পুরান বাজারের ধানমহাল সড়ক, পাটমহাল সড়ক, চিনিমহাল সড়ক, হাসপাতাল সড়ক, দেওয়ানগঞ্জ সড়কের বেশির ভাগ অংশে কাদা জমে আছে। সড়কের যেসব স্থান শুকনা রয়েছে, সেগুলোয় কাঁচাবাজার বসানো হয়েছে।
কয়েকজন পথচারী বলেন, নান্দাইল বাজার পৌরসভার আওতায় হওয়ার পড়েও এর রাস্তাঘাট অজপাড়াগাঁয়ের চেয়ে খারাপ। কয়েকজন ব্যবসায়ী বলেন, বাজারে পানি নিষ্কাশনের নালা না থাকায় পাকা সড়কের অস্তিত্ব এখন কাদার কারণে হারিয়ে গেছে। এ ছাড়া সড়কের দুই পাশের ফুটপাতে দোকান বসানো হয়েছে। এসব দোকানের সুবিধার জন্য মাটি ফেলে কিছুটা উঁচু করা হয়েছে। ফলে বৃষ্টির পানি নিষ্কাশনের আর কোনো পথ খোলা নেই।
সম্প্রতি বালু ও সিমেন্ট মিশ্রিত বস্তা ফেলে শহরের নরসুনা নদীর পাড়ের সড়ক রক্ষার কাজ করানো হয়েছে। এ প্রকল্পের কাজ করার সময় ঠিকাদার সড়কের ওপর বিপুল পরিমাণ বালু রেখেছিলেন। কাজ শেষে সেই বালু আর সরিয়ে নেওয়া হয়নি। সম্প্রতি বৃষ্টির কারণে সেই বালু সড়কে ছড়িয়ে পড়েছে। ফলে সড়কজুড়ে কাদার পুরো আস্তরণ পড়েছে।
নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া বলেন, পুরান বাজারের প্রধান সড়কগুলো ১৫ ফুট চওড়া করে আরসিসি ঢালাই করা হবে। পরে ড্রেনেজব্যবস্থা গড়ে তোলা হবে। কিছু দিনের মধ্যে সড়কের কাজ শুরু করা হবে। সড়কের কাজ শেষ হয়ে গেলে আর দুর্ভোগ থাকবে না।