রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন অঞ্চলে সবজিখেত রক্ষায় কারেন্ট জাল ব্যবহার করছেন কৃষকেরা। ওই কারেন্ট জালে আটকা পড়ছে পাখি। এতে অনেক পাখি মারাও যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার উজানচর, দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের চরাঞ্চলে বেগুন, টমেটো, কপিসহ নানা ধরনের সবজি চাষ করা হয়েছে। বেশির ভাগ সবজিখেতের চারপাশ ও ওপর দিয়ে কারেন্ট জালে ঘেরা। কৃষকেরা জানান, টিয়া, দোয়েল, শালিক, চড়ুইসহ নানা ধরনের পাখি খেতে নেমে সবজি খায়। এর মধ্যে বেগুনখেত বেশি ক্ষতি হচ্ছে। পাখির হাত থেকে রক্ষা করতেই কারেন্ট জাল দিতে হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে গোয়ালন্দে ১ হাজার ৬০০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এর মধ্যে সূর্যমুখী ফুল, টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপিসহ নানা ধরনের সবজি রয়েছে। এখনো অনেক কৃষক সবজির আবাদ করে যাচ্ছেন। এর মধ্যে শুধু বেগুন আবাদ হয়েছে প্রায় ৮০০ হেক্টরের মতো জমিতে।
উজানচর ইউনিয়নের ফৈজদ্দিন মাতুব্বরপাড়ার কৃষক শহিদ প্রায় দুই বিঘা জমিতে বেগুন রোপণ করেছেন, ফলনও হয়েছে বেশ। বেগুনখেতের চারদিক ও ওপর দিয়ে কারেন্ট জাল দিয়ে ঘিরে রেখেছেন তিনি। কারেন্ট জালে আটকা পড়ে অনেক সময় পাখি মারা পড়ছে।
আরেক কৃষক আবদুল হালিম জানান, তাঁরা বাধ্য হয়ে কারেন্ট জাল ব্যবহার করেন। মাঝেমধ্যে পাখি আটকা পড়ে মারা যায়। কিন্তু কৃষকদের কোনো উপায় থাকে না।
চর দৌলতদিয়ার কৃষক আবু হানিফ জানান, তিনি প্রায় দুই বিঘা জমিতে সবজির আবাদ করেছেন। ফলন আসামাত্র টিয়া, দোয়েল, শালিক ও চড়ুই পাখি এসে খেতের অধিকাংশ সবজি নষ্ট করে ফেলছে। বাধ্য হয়ে জাল কিনে ঘিরে রেখেছেন তিনি। প্রথম কয়েক দিন কিছু পাখি ধরা পড়েছিল।
ছোট ভাকলা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুর রহমান বলেন, ‘ফসল রক্ষায় কৃষকেরা কারেন্ট জাল ব্যবহার করছেন, যা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে কৃষকদের ডেকে সতর্ক করেছি। কিন্তু তাঁরা কারেন্ট জালের ব্যবহার বন্ধ করেননি। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া দমন করা সম্ভব নয়।’
উপজেলা কৃষি কর্মকর্তা খোকন উজ্জামান বলেন, ‘এর আগের কর্মস্থলেও কৃষকদের সবজিখেতে কারেন্ট জাল ব্যবহার করতে দেখেছি। এখানে আমাদের করার তেমন কিছুই নেই। কৃষকদের এ বিষয়ে সচেতন করার চেষ্টা করছি।’
ইউএনও আজিজুল হক খান জানান, এটি গুরুতর অপরাধ। সবজি রক্ষা করতে গিয়ে তো আর পাখি হত্যা করা যাবে না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।