সবজির ক্ষতিতে দিশাহারা চাষিরা

বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির খেত। সম্প্রতি ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের দক্ষিণ খাসেরচর এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার ফরিঙ্গা গ্রামের কৃষক জোবায়ের মোল্লা প্রায় দুই বিঘা জমিতে পেঁপের চাষ করেছিলেন। সবজি হিসেবে কাঁচা পেঁপে বিক্রিও শুরু করেছিলেন। কিন্তু জমিতে বন্যার পানি ঢুকে সব পেঁপেগাছ মরে গেছে।

জোবায়ের মোল্লা প্রথম আলোকে বলেন, দুই বিঘা জমিতে পেঁপের চাষ করতে তাঁর ব্যয় হয়েছে প্রায় দেড় লাখ টাকা। চারা রোপণের আট মাস পর মাস দুয়েক আগে ফলন ধরতে শুরু করেছিল। এই দুই মাসে সবজি হিসেবে ২০০ মণ কাঁচা পেঁপে বিক্রি করে পেয়েছেন ১ লাখ ৫ হাজার টাকা। আশা করেছিলেন, দুই বছর পর্যন্ত গাছ বেঁচে থাকলে তাঁর আয় হবে অন্তত ২০ লাখ টাকা। এখন তাঁর চাষের ব্যয়ের টাকাও ওঠেনি।


শুধু জোবায়ের নন, উপজেলার সব সবজিচাষির অবস্থা এবার একই। বানের পানিতে সবজির আবাদ বিনষ্ট হয়ে গেছে। আবাদ বিনষ্ট হওয়ায় সর্বস্বান্ত হয়ে পড়েছেন এখানকার কয়েক হাজার কৃষক। পানি নেমে গেলেও নতুন করে সবজির আবাদ করতে যে অর্থের প্রয়োজন হবে, তা অনেকের কাছেই নেই।

বন্যার পানিতে মরে গেছে পেঁপে গাছ। রোববার ঢাকার ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামে
প্রথম আলো

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার উপজেলার ১৬টি ইউনিয়নে ৮৫১ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছিল, যা বানের পানিতে বিনষ্ট হয়ে গেছে। রোয়াইল ইউনিয়নে আবাদের পরিমাণ ছিল সবচেয়ে বেশি।


গত রোববার রোয়াইল ইউনিয়নের খরার চর, দক্ষিণ খরার চর, বহুতকুল, চর সুঙ্গর, ফরিঙ্গা, সুঙ্গর, সেনাইল, কৃষ্ণনগর ও আটিমাইটাইল গ্রাম ঘুরে দেখা যায়, বেগুন, শসা, লাউ, চিচিঙ্গা, করলা, ঢ্যাঁড়স, ঝিঙে, বরবটি, পেঁপে, মিষ্টি–চালকুমড়াসহ নানা সবজি নষ্ট হয়ে গেছে। বিস্তর ফসলের মাঠজুড়ে থই থই পানিতে শুধু উঁকি মেরে আছে হাজারো সবজির মাচা। এসব মাচায় থাকা সবজি গাছের লতা-পাতা বানের পানিতে মরে বাদামি রং ধরেছে।

রোয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একে সামসুদ্দিন বলেন, রোয়াইল ইউনিয়নের সাড়ে সাত হাজার পরিবারের মধ্যে পাঁচ হাজার পরিবারই কৃষিকাজের সঙ্গে যুক্ত। এর মধ্যে সবজি চাষ করে প্রায় চার হাজার পরিবার, এসব সংসার চলে চাষের আয় থেকে। করোনার লকডাউন চলাকালে এসব সবজিচাষি তাঁদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে না পেরে পানির দরে বিক্রি করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই বন্য তাঁদের সর্বস্বান্ত করে দিয়ে গেল। আবাদ বিনষ্ট হওয়ায় এখানকার অনেক সবজিচাষি মানবেতর জীবন যাপন করছেন।


বহুতকুল গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল মান্নানের ১৭ সদস্যের পরিবার চলে সবজি চাষের আয় থেকে। সেই সবজি এবার বানের পানিতে বিনষ্ট হওয়ায় অর্থকষ্টে পড়েছে পরিবারটি।

মান্নান বলেন, প্রতি মাসে তাঁর পরিবারে খরচ হয় ৪০ থেকে ৫০ হাজার টাকা। এই টাকা তিনি আয় করতেন সবজি বিক্রি করে। সবজি বিনষ্ট হওয়ায় নতুন করে সবজির আবাদ ও সংসারের খরচ মেটাতে তাঁকে কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে ঋণ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।

করোনার লকডাউন থাকায় তখন সবজি বিক্রি করে লাভের মুখ দেখতে পাইনি। তাই ক্ষতি পুষিয়ে উঠতে দুই বিঘা জমিতে বিভিন্ন ধরনের সবজির আবাদ করেছিলেম, যা থেকে প্রায় দুই লাখ টাকা আয় হতো। আয় করতে না পারায় তাঁর সংসার চলছে ধারদেনা করে।
আবুল কালাম মণ্ডল, বাসিন্দা, দক্ষিণ খরার চর গ্রাম, ধামরাই

কিডনির রোগে ভুগছেন দক্ষিণ খরার চর গ্রামের কৃষক আবুল কালাম মণ্ডল। চিকিৎসার জন্য তাঁকে টানা দুই মাস হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। এই অসুস্থ শরীরে ছেলেদের সঙ্গে নিয়ে তিনি দুই বিঘা জমিতে ঝিঙে, মিষ্টি ও চালকুমড়া আবাদ করেছিলেন। মাচা তৈরি, চারা রোপণ, পরিচর্যা থেকে শুরু করে ফলন আসার আগপর্যন্ত তাঁর ব্যয় হয় প্রায় ৩২ হাজার টাকা। ফলন ধরা শুরু হওয়ার পরপরই বানের পানিতে সব বিনষ্ট হয়ে যায়।


আবুল কালাম মণ্ডল বলেন, করোনার লকডাউন থাকায় তখন সবজি বিক্রি করে লাভের মুখ দেখতে পাইনি। তাই ক্ষতি পুষিয়ে উঠতে দুই বিঘা জমিতে বিভিন্ন ধরনের সবজির আবাদ করেছিলেম, যা থেকে প্রায় দুই লাখ টাকা আয় হতো। আয় করতে না পারায় তাঁর সংসার চলছে ধারদেনা করে।

ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান বলেন, বন্যায় ধামরাইয়ের সবজিচাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। উপজেলা সব সবজি পানিতে বিনষ্ট হয়ে গেছে। এই ক্ষতির কথা ভেবে ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র ১ হাজার চাষিকে বিনা মূল্যে বীজ দেওয়া হবে।