বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শাহ আলম। সাধারণ সম্পাদক হয়েছেন অশোক সাহা। চট্টগ্রাম জেলা সিপিবির দুই দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে গত শুক্রবার রাতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন কমিটির ২৫ জনের নাম ঘোষণা করা হয়।
সিপিবি সূত্র জানায়, শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের ‘সাংগঠনিক’ ও ‘নির্বাচনী অধিবেশন’ চলে। এতে সভাপতিত্ব করেন সিপিবির জেলা শাখার বিলুপ্ত কমিটির সদস্য চন্দন দাশ। অধিবেশন শেষ হওয়ার পর শুক্রবার রাতে চন্দন দাশ জেলা কমিটির ২৫ জনের নাম ঘোষণা করেন। গত বৃহস্পতিবার জেলা পরিষদ চত্বরে সিপিবির চট্টগ্রাম জেলা শাখার ১১তম সম্মেলনের উদ্বোধন করা হয়।
মো. শাহ আলম সিপিবির আগের কমিটির সভাপতি শ্রমিক নেতা মৃণাল চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। মৃণাল চৌধুরী টানা তিন মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। শাহ আলম এর আগে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
সিপিবির নতুন কমিটির সভাপতি মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, সিপিবির চট্টগ্রাম জেলা কমিটির পরিধি সভাপতি, সম্পাদকসহ ২৭ সদস্যের। নির্বাচনী অধিবেশন শেষ হওয়ার পর ২৫ জনের প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হয়। শূন্যপদে আরও দুজনের নাম পরে ঘোষণা করা হবে।