ঢাকার ধামরাই পৌর আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার। তবে এ সমাবেশে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কেউই ছিলেন না। এদিকে জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের অনেক নেতাকে কর্মী সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
ধামরাইয়ের যাত্রাবাড়ী মাঠে আয়েজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এম এ মালেক। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহ।
দলীয় সূত্র জানায়, ধামরাইয়ের বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব সমাবেশে জেলা ও উপজেলা আওয়ামী লীগের অনেক নেতাই উপস্থিত ছিলেন না। গতকালের কর্মী সমাবেশেও এর ব্যতিক্রম ছিল না। জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন গতকালের সমাবেশে যাননি। জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ এম এ মালেকের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে এসব কর্মী সমাবেশে বেনজির আহমেদসহ তাঁর অনুসারীদের আমন্ত্রণ জানানো হয় না। এসব কর্মকাণ্ডের কারণে দলের নেতাদের বিভক্তি আরও স্পষ্ট হয়ে উঠছে।
গতকালের কর্মী সমাবেশের আমন্ত্রণপত্র ছাপানো হয় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহর নামে। তবে তিনি নিজেই সমাবেশে অনুপস্থিত ছিলেন।
অনুপস্থিত থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে মো. শহীদুল্লাহ জবাব এড়িয়ে গিয়ে বলেন, ‘আপনি তো সবই বোঝেন, অযথা আমার কাছ থেকে জানতে চান কেন।’
আমন্ত্রণপত্রে জেলা ও উপজেলাসহ পৌর আওয়ামী লীগের অনেক নেতার নাম না থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে শহীদুল্লাহ বলেন, ‘আমন্ত্রণপত্রে আমার নাম ব্যবহারের সম্মতি থাকলেও অতিথি নির্বাচনের ক্ষেত্রে আমার হাত ছিল না।’
জানতে চাইলে ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র গোলাম কবীর মোল্লা বলেন, ‘আমি পৌর আওয়ামী লীগের সভাপতি, কিন্তু কর্মী সমাবেশে আমাকে সভাপতি করা হয়নি। এমনকি আমাকে আমন্ত্রণও জানানো হয়নি।’ তিনি বলেন, ‘দলীয় কোন্দলের কারণেই আমার মতো আরও অনেক নেতাকেই কর্মী সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি।’
উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, দলীয় কোন্দলের কারণে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক
নেতা-কর্মী উপজেলার সুতিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির প্রার্থীর হয়ে কাজ করছেন।
ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, দলের জ্যেষ্ঠ্য নেতাদের বাইরে রেখে দলীয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে একটি পক্ষ দলের মধ্যে বিভেদ ছড়াচ্ছে। এসব কারণে অনেক নেতা-কর্মী নিষ্ক্রিয় হয়ে পড়ছেন।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ বলেন, এসব অসাংগঠনিক কর্মকাণ্ডের বিষয়ে কেন্দ্র খোঁজখবর রাখছে। যাঁরা এসব করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাংসদ এম এ মালেক বলেন, যাঁদের কর্মিসভায় আমন্ত্রণ জানানো হয়নি, তাঁরা আওয়ামী লীগই করেন না। তাঁদের সঙ্গে কোনো নেতা-কর্মী নেই। এ জন্য তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি।