সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০ পদে জয়ী আওয়ামী প্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতি আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয়লাভ করেছে আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ। সহসভাপতিসহ ৯টিতে জয় পেয়েছে বিএনপি–জামায়াত–সমর্থিত ঐক্য পরিষদ।
গতকাল বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দিবাগত রাত দুইটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সমন্বয় পরিষদ থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু মোহাম্মদ হাশেম। একই পরিষদ থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ এইচ এম জিয়াউদ্দিন। এবারসহ তিনি টানা তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৯টি পদের বিপরীতে এবারের নির্বাচনে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্যানেল ছিল দুটি। এ ছাড়া একজন লড়েন স্বতন্ত্র হিসেবে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এই নির্বাচনকে কেন্দ্র করে গত এক মাস আদালতপাড়া ছিল প্রচার-প্রচারণায় সরগরম। এ সময় প্রার্থীরা ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করেন।

জেলা আইনজীবী সমিতির এই নির্বাচনে মুখ্য নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন রেজাউল করিম চৌধুরী। তিনি প্রথম আলোকে জানান, গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ৫ হাজার ২১৪ জন। তাঁদের মধ্যে ৪ হাজার ১৯৩ জন ভোট দেন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে ৯টি সম্পাদকীয় ও ১০টি নির্বাহী সদস্যসহ মোট ১৯টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। সব কটি পদেই প্রার্থী দেয় সমন্বয় ও ঐক্য পরিষদ।

সমন্বয় পরিষদ থেকে সভাপতি নির্বাচিত হন আবু মোহাম্মদ হাশেম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের নাজিম উদ্দিন চৌধুরী।

সমন্বয় পরিষদ থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এ এইচ এম জিয়াউদ্দিন। তিনি এ নিয়ে টানা তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক। এবার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঐক্য পরিষদের আবদুস সাত্তার সারোয়ার।

সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঐক্য পরিষদের শফিক উল্লাহ। সহসভাপতি হয়েছেন সমন্বয় পরিষদের আজিজ উদ্দিন হায়দার।

সহসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঐক্য পরিষদের এরশাদুর রহমান। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সমন্বয় পরিষদের সালাউদ্দিন মনসুর চৌধুরী।

পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সমন্বয় পরিষদের শহিদুল ইসলাম। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঐক্য পরিষদের লায়লা নূর। তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সমন্বয় পরিষদের মেজবাহউদ্দিন।
এ ছাড়া নির্বাহী সদস্যের ১০টি পদের মধ্যে ঐক্য পরিষদ পেয়েছে ৬টি। আর সমন্বয় পরিষদ চারটি পদে জয়ী হয়েছে।

সমন্বয় পরিষদ থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত এ এইচ এম জিয়াউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দলমত-নির্বিশেষে আইনজীবীদের কল্যাণের জন্য আগের মতোই কাজ করে যাব। গত দুবার সাধারণ সম্পাদক থাকাকালে করোনাসহ নানা ইস্যুতে আইনজীবীদের পাশে ছিলাম। এবারও থাকব।’

সমিতির আগের নির্বাচন হয়েছিল গত বছরের ফেব্রুয়ারিতে। সেই নির্বাচনে সাধারণ সম্পাদক, সহসভাপতি, সহসাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, লাইব্রেরি সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং ৭টি সদস্যপদসহ মোট ১৪টি পদে আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ জয় পেয়েছিল। অন্যদিকে সভাপতি, সিনিয়র সহসভাপতি, তথ্যপ্রযুক্তি সম্পাদক ও তিনটি সদস্যপদসহ মোট পাঁচটি পদে জয় পেয়েছিল বিএনপি–সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ। গতবার সভাপতি পদে এনামুল হক ও সাধারণ সম্পাদক পদে এ এইচ এম জিয়াউদ্দিন জয়ী হয়েছিলেন।