সভাপতি–সম্পাদকসহ ১৫টি পদের ১২টিতে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ও অধ্যাপক মোতাহার হোসেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রার্থীরা ১৫টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১২টিতে জয় পেয়েছেন। আজ বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ৬০২ জন ভোটারের মধ্যে ৫৬৭ জন ভোট দেন। সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোট গ্রহণ হয়।

ভোট গণনা শেষে সন্ধ্যা সোয়া সাতটায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগী অধ্যাপক নাজমুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক তাহমিনা ফেরদৌস এবং নির্বাচন কমিশনার বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ কাহালি।

বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ আওয়ামী লীগ সমর্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামপন্থী শিক্ষকদের জোট। এই জোট থেকে সভাপতি পদে বিজয়ী হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ। তিনি মোট ২৮৮টি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব কবির পেয়েছেন ২২৮ ভোট। এই জোট থেকে সাধারণ সম্পাদক পদে ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক মোতাহার হোসেন ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন পেয়েছেন ২৪৬ ভোট।

এই প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা এবং কোষাধ্যক্ষ পদে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান।

১০টি সদস্য পদের মধ্যে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ ৮টি পদ পেয়েছে। এই প্যানেল থেকে নির্বাচিতরা হলেন ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক এম শামীম কায়সার, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক বুলবুল আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মোহাম্মদ নঈম আজিজ আনসারী, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদা আক্তার, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকবার হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাস, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান এবং ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম।

অন্যদিকে উপাচার্যবিরোধী শিক্ষকদের প্যানেল শিক্ষক ঐক্য ফোরামের যুগ্ম সম্পাদকসহ তিনটি পদে নির্বাচিত হয়েছে। এই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন যুগ্ম সম্পাদক পদে রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদ রানা এবং সদস্যা পদে নির্বাচিতেরা হলেন ফার্মাসি বিভাগের অধ্যাপক সোহেল রানা ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন।

নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষকদের সঙ্গে নিয়ে আমরা কাজ করব। শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে প্রশাসনকে সহায়তা করব।’