সমন্বয়হীনতা ও যোগ্য ব্যক্তিরা মনোনয়ন না পাওয়ায় আ. লীগের ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগের অধিকাংশ নেতা–কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের ভরাডুবিতে নেতা-কর্মীদের মধ্যে ওই হতাশার সৃষ্টি হয়।
গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে বদরগঞ্জে ও ২৮ নভেম্বর তৃতীয় ধাপে তারাগঞ্জে ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার ১৫টি ইউপির মধ্যে চারটিতে নৌকা বিজয়ী হয়েছে। নৌকার প্রার্থীদের ভরাডুবি কেন হলো, এ বিষয়ে ওই দুই উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সাত নেতা ও তৃণমূলের অর্ধশতাধিক নেতা–কর্মীর সঙ্গে কথা বলেন এই দুই প্রতিবেদক। অভিযোগ ছিল অভিন্ন। নেতা-কর্মীরা বলেন, যোগ্য প্রার্থীর মনোনয়ন না পাওয়া, নেতা–কর্মীদের মধ্যে মনোমালিন্য, সমন্বয়হীনতা, ত্যাগী নেতাদের অবমূল্যায়ন, পরিবারতন্ত্রের প্রভাব এবং দলের ভেতরে অন্তক৴লহ পরাজয়ের মূল কারণ।

তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিন বলেন, আওয়ামী লীগ থেকে ইতিপূর্বে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এবং দলীয় পদ–পদবি নিয়ে একেকজন নিজেকে অনেকে বড় মনে করছেন। তাঁরা তৃণমূলের নেতা–কর্মীদের সঙ্গে কখনো যোগাযোগ করেন না। এমনকি কোনো কাজে গেলে নেতা–কর্মীরা কোনো মূল্যায়ন পান না। অনেক সময় ব্যস্ততার কথা বলে দেখাও করেন না। ইউপি নির্বাচনে এলাকার গ্রহণযোগ্য নেতা–কর্মীকে দলীয় মনোনয়ন না দেওয়ায় তৃণমূলের নেতা–কর্মীরা সাড়া দেননি। এতে প্রার্থীরা হেরেছেন। মূলত নেতৃত্বের অভাবে রংপুর-২ আসনে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কমেছে। এতে দলের ত্যাগী ও তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

তারাগঞ্জের ইকরচালি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বলেন, জনগণ ভালোবাসে না এমন লোককে এখানে নৌকা দেওয়া হয়েছিল। তিনি হেরে গেছেন। এখন অনেকে বলাবলি করছেন, আওয়ামী লীগের দিন শেষ। এতে মনের কষ্ট বেড়ে হতাশ লাগছে।

বদরগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান সরকার এবার কালুপাড়া ইউপিতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। এ পরাজয়ের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতা–কর্মীদের কারণেই আমি হেরেছি। ইউনিয়নের নেতা–কর্মীরা প্রতিপক্ষ এক প্রার্থীর হয়ে প্রকাশ্যে ভোট করেছেন। উপজেলা আওয়ামী লীগের নেতারাও আমাকে কোনো রকম সহযোগিতা করেননি। নৌকার ভরাডুবির মূল কারণ হচ্ছে, নেতাদের অসহযোগিতা ও সমন্বয়হীনতা।’

বদরগঞ্জ উপজেলার দামোদরপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ওরফে আলাল। প্রতীক পেয়েছিলেন ঘোড়া। পরে তিনি ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। আবদুর রাজ্জাক বলেন, দলীয় প্রতীক চেয়ে না পেয়ে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারে নেমে পড়েছিলাম। ভোটারদের ব্যাপক সাড়াও পেয়েছিলাম। তাতে মাঠে নৌকা প্রতীকধারী প্রার্থীর শোচনীয় অবস্থা দেখা দেয়। পরে আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে উপজেলার দলীয় নেতারা বাধ্য করেন। এতে আমার সমর্থক ভোটাররা ক্ষুব্ধ হয়ে অন্য এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষাবলম্বন করেন। পরে এ ইউনিয়নে নৌকার প্রার্থীর পরাজয় ঘটে।

দামোদরপুরে নৌকার পরাজিত প্রার্থী আজিজুল হক বলেন, আওয়ামী লীগের নেতা–কর্মীদের তেমন সাড়া পাইনি। অনেকে নির্বাচনী ময়দানে আমার বিরুদ্ধে কাজ করেছেন। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে আমি মাত্র ৪৩ ভোটে হেরেছি।

বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রথম সারির প্রবীণ এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলা আওয়ামী লীগে চলছে পরিবারতন্ত্র। দলে ত্যাগী নেতাদের মূল্যায়ন নেই। ক্ষমতা আর ধান্দাবাজিতে ব্যস্ত দলীয় জনপ্রতিনিধিরা। তৃণমূলের নেতা–কর্মীরাও উপেক্ষিত। দল নিয়ে তাঁদের মাথাব্যথা নেই। ইউপিতে প্রার্থী নির্বাচনে হয়েছে বাণিজ্য। এতে অযোগ্যরা প্রার্থী হওয়ায় তৃণমূলের ক্ষুব্ধ নেতা–কর্মীরা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেননি। তাই আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবি ঘটেছে। এতে দলীয় সাধারণ নেতা–কর্মীরা হতাশ।

আরেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলা আওয়ামী লীগে পরিবার ও একনায়কতন্ত্রে দলের সীমাহীন ক্ষতি হয়েছে। ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীদের ভরাডুবির মধ্য দিয়ে এর প্রমাণ মিলেছে।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, দলীয় সমন্বয়হীনতায় ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছে। তবে দলীয় নেতা–কর্মীদের ভারসাম্য রক্ষায় জাতীয় প্রতীকে স্থানীয় পর্যায়ের নির্বাচন না করাটাই উত্তম।

বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক ওরফে টুটুল চৌধুরী বলেন, উপজেলা আওয়ামী লীগের কমিটির সদস্য সংখ্যা ৭১। এবারের ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে মাঠে ছিলাম আমিসহ মাত্র ৫-৬ জন। বাকি নেতাদের অনুরোধ করেও মাঠে নামানো যায়নি। অচিরেই দলীয় সভা ডেকে তাঁদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তারাগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নের মধ্যে একমাত্র কুর্শা ইউনিয়নে নৌকা জয়লাভ করে। চারটিতে হেরেছে। তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল হক বলেন, এখানে নৌকা পরাজয়ের বড় কারণ হলো প্রার্থী নির্বাচনে ভুল। উপজেলা নেতা-কর্মীদের সঙ্গে ইউনিয়ন নেতা-কর্মীদের সর্ম্পকের ঘাটতিও পরাজয়ের অন্যতম কারণ।

রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমীন বলেন, তারাগঞ্জে আওয়ামী লীগের পরাজয়ে এখানকার আওয়ামী লীগের নেতা-কর্মীরাই দায়ী। আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করেননি।