সমাজের ব্যাধি সারাচ্ছেন জোটবদ্ধ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া পৌর এলাকার শম্ভুপুর মহল্লার অষ্টম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তারের বিয়ে ঠিক হয়েছে। বিয়েতে কোনো যৌতুক লাগবে না। খাদিজার দরিদ্র বাবা-মা তো মহাখুশি। কিন্তু খাদিজা কান্নাকাটি করছে। সে পড়াশোনা করতে চায়।
খবর পেয়ে মহল্লার ১৪-১৫ জন নারী দল বেঁধে উপস্থিত হন খাদিজাদের বাড়িতে। তাঁরা বাল্যবিবাহ বন্ধ করার জন্য খাদিজার বাবা-মাকে বোঝান। আইনের ভয় দেখান। বাবা-মা বুঝেও বোঝেন না। শেষে নিবৃত্ত হলেও পরে তাঁরা গোপনে অন্য এলাকায় মেয়েকে বিয়ে দেওয়ার উদ্যোগ নেন। এবার ওই নারীরা নিজেদের টাকায় নছিমন ভাড়া করে প্রায় ১৫ কিলোমিটার দূরে সাঁথিয়া উপজেলায় পাত্রের বাড়িতে গিয়ে হাজির হন। তাঁরা এবার পাত্রপক্ষকে বাল্যবিবাহের কুফল ও শাস্তি সম্পর্কে বোঝান। শেষ পর্যন্ত পাত্রপক্ষ বিয়ে বাতিল করতে রাজি হয়।
খাদিজা এখন নবম শ্রেণিতে পড়ে। প্রথম আলোকে সে বলল, ‘আমি পড়ালেখা শিখে শিক্ষক হতে চাই।’ খাদিজার বাবা-মা এখন চান মেয়ে নিজের পায়ে দাঁড়াক।
যে নারীদের কারণে বাল্যবিবাহটি বন্ধ হলো, তাঁরা আসলে ‘শম্ভুপুর মহিলা কমিউনিটি পুলিশিং’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য। পুলিশের সহায়তায় নারীদের নিয়ে বছর খানেক আগে সংগঠনটির জন্ম। গত এক বছরে সংগঠনের নারী সদস্যরা বেড়া পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে চারটি বাল্যবিবাহ বন্ধ করেছেন। বখাটেপনা, জুয়া, মাদক সেবন—এগুলোর অনেকটাই হ্রাস টানতে পেরেছেন পেরেছেন তাঁরা।
শুধু শম্ভুপুরেই নয়, বেড়া ও সাঁথিয়া উপজেলায় এমন ‘মহিলা কমিউনিটি পুলিশিং’ কমিটি রয়েছে মোট ১৪১টি। তবে শম্ভুপুরসহ মাত্র ১৩-১৪টি কমিটি সক্রিয় আছে।
পুলিশ প্রশাসনের সংস্কারের অংশ হিসেবে পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টায় ২০০৭ সালে সারা দেশে গঠন করা হয় কমিউনিটি পুলিশিং। মূলত পুরুষ সদস্যদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী এই সংগঠনটির কর্মকাণ্ড প্রায় সবারই জানা। কিন্তু মহিলা কমিউনিটি পুলিশিং কমিটির কার্যক্রম তেমন আলোচনায় আসেনি। কারণ শুধু নারীদের নিয়ে কমিউনিটি পুলিশিং পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার বাইরে দেশের আর কোথাও নেই বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে। এ দুই উপজেলায় সফলতার ওপর নির্ভর করছে দেশের আর কোথাও এ ধরনের কমিটি গঠন হবে কি না।
মহিলা কমিউনিটি পুলিশিং কমিটিতে একজন করে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট সদস্য রয়েছেন ১৫ জন। পৌরসভা ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের জন্য রয়েছে আলাদা কমিটি। কমিটিগুলোর কার্যক্রম যে ওয়ার্ডে সীমাবদ্ধ, সদস্যরা সেই ওয়ার্ডেরই বাসিন্দা। সদস্যদের মধ্যে গৃহবধূ, ছাত্রী, কর্মজীবীসহ সব শ্রেণি-পেশার নারী রয়েছেন।
বেড়া ও সাঁথিয়া উপজেলায় মহিলা কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের মূল উদ্যোক্তা আবু বকর সিদ্দিক। তিনি বেড়া-সাঁথিয়া সার্কেলের সদ্য বিদায়ী সহকারী পুলিশ সুপার (এএসপি)। পুলিশ সংস্কার কর্মসূচি (পিআরপি) থেকে সদস্যদের প্রশিক্ষণ বাবদ সামান্য অর্থ পেয়ে তা দিয়েই পরিচালনা করেছেন কমিটিগুলো।
আবু বকর সিদ্দিক এখন রংপুর সদরে কর্মরত আছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘পাবনার বেড়া ও সাঁথিয়ায় বছর দুয়েক আগে মহিলা কমিউনিটি পুলিশিং শুরু করি। আমি মনে করি, নারীরা প্রতিটি সমাজের একেবারে ভেতরের খবর রাখেন। তাই তাঁদের কমিউনিটি পুলিশিংয়ে অন্তর্ভুক্ত করলে বাল্যবিবাহ, বখাটেপনা, মাদক সেবন, জুয়া, নারী নির্যাতন প্রভৃতি অপরাধ দূর করা সহজ। কিন্তু প্রথম পর্যায়ে বেশির ভাগ এলাকায় নারীদের কাছ থেকে কোনো সাড়া পাইনি। তবে বারবার গিয়ে তাঁদের সংগঠিত করেছি, বিশ্বাস জুগিয়েছি। এ পর্যন্ত দুই উপজেলায় ১৪১টি কমিটি গঠন করা হলেও ১৩ থেকে ১৪টি কমিটির কার্যক্রম চমৎকৃত হওয়ার মতো।’ তিনি বলেন, ‘পুলিশ কর্মকর্তা হিসেবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় বলে সবগুলো কমিটিতে সময় দিতে পারিনি। এর মধ্যেও যেগুলোতে সময় দিতে পেরেছি এবং যে কমিটির সদস্যরা আন্তরিক, সেই কমিটিগুলো দাঁড়িয়ে গেছে। এসব কমিটির কারণে এলাকার নিরাপত্তা বেড়েছে।’
বেড়া পৌর এলাকার শম্ভুপুর, বাড়াদিয়া ও বেতবাড়িয়া মহল্লা; হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের জগন্নাথপুর এবং সাঁথিয়া উপজেলার কল্যাণপুর গ্রামে গিয়ে কথা বলে নারীদের মধ্যে একধরনের আত্মবিশ্বাস দেখা গেছে। এসব মহল্লা ও গ্রামে মহিলা কমিউনিটি পুলিশিং কমিটি বেশ সক্রিয়।
শম্ভুপুর মহিলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জীবন নাহার বলেন, ‘আমরা এক জোট হয়ে পাড়ার কয়েকজন বখাটেকে ধরে পুলিশে দিয়েছি। এরপর থেকে বখাটেদের উৎপাত শুধু কমেইনি, মাদকসেবী, জুয়াড়িসহ অপরাধীরা এখন আমাদের সমীহের চোখে দেখে।’ তিনি বলেন, ‘এখন অনেকে স্ত্রীর গায়ে হাত দিতেও ভয় পায়। এলাকায় মাদক, জুয়া, ইভ টিজিং বন্ধ হওয়ায় পরিবেশ ভালো হয়েছে। সবচেয়ে বড় কথা, নারীরা যে দুর্বল নয়, তা সবাই বুঝতে শিখেছে।’
সক্রিয় থাকা ১৩-১৪টি মহিলা কমিউনিটি পুলিশিং কমিটি গত এক বছরে অন্তত ৪০টি বাল্যবিবাহ বন্ধ করেছে। বাড়াদিয়া মহিলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সেলিনা পারভীন বলেন, ‘গত সাত-আট মাসে আমরা আমাদের এলাকায় ছয়টি বাল্যবিবাহ বন্ধ করেছি। এখন বাল্যবিবাহের কথা কেউ চিন্তাও করে না।’
মাদকের ব্যবহার কমছে: শম্ভুপুর মহল্লার যুবক বাবু মিয়া দীর্ঘদিন ধরে গাঁজায় আসক্ত। তাঁর বাবা-মা অনেক বকাঝকা করেও তাঁকে এ নেশা থেকে বিরত করতে পারেননি। শেষ পর্যন্ত তাঁর মা বিষয়টি মহিলা কমিউনিটি পুলিশিং কমিটিকে জানান। কমিটির নারী সদস্যরা একদিন বাবুর বাড়িতে গিয়ে তাঁকে ভালোভাবে বোঝান। কথা না শুনলে পুলিশে ধরিয়ে দেওয়ারও ভয় দেখান। বাবু এখন আর গাঁজা সেবন করেন না। এ ঘটনার পর নারী সদস্যরা ওই এলাকায় গাঁজা বিক্রিও বন্ধ করতে সক্ষম হন।
জগন্নাথপুর মহিলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মাবিয়া খাতুন নাকালিয়া ডিগ্রি কলেজের বিএ ক্লাসের ছাত্রী। তিনি বলেন, ‘রাস্তার মোড়ে বখাটেদের উৎপাতে স্কুল-কলেজগামী মেয়েরা যাতায়াত করতে পারত না। পুলিশের সহায়তা নিয়ে বখাটেদের আমরা উৎখাত করেছি। আমাদের গ্রামে একজন জুয়া খেলত আর বউ পেটাত। আমরা সব নারী মিলে একদিন তাকে ধরে এনে এলাকার মুরব্বিদের সহায়তায় খেজুরগাছের সঙ্গে বেঁধে রাখি। তার মতো আরেকজনকে পুলিশেও দিয়েছি।’
বাড়াদিয়া মহিলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সেলিনা খাতুন বলেন, ‘এ গ্রামে আগে প্রায় জুয়া খেলা হতো। আমরা তা বন্ধ করতে পেরেছি। আমাদের গ্রামের পাশেই যমুনা নদীতে জেলেরা অবাধে জাটকা শিকার করত। একদিন আমরা দলবেঁধে জাটকাসহ জেলেদের ধরি এবং পুলিশে দেওয়ার ভয় দেখাই। সেই থেকে এখানে জাটকা শিকারও বন্ধ আছে।’
একই গ্রামের মহিলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য খৈমালা খাতুন ও জ্যোৎস্না বেগম জানান, গ্রামে আগে প্রতিবেশীদের মধ্যে ঝগড়াবিবাদ লেগেই থাকত। ঝগড়াকে কেন্দ্র করে খুনোখুনি পর্যন্ত হয়ে যেত। এখন কোনো ঝগড়াকেই আমরা বড় হতে দেই না। ঝগড়ার খবর পাওয়ামাত্রই আমরা উপস্থিত হয়ে মিটিয়ে ফেলার উদ্যোগ নেই।’
বেড়া-সাঁথিয়া সার্কেলের সদ্য যোগ দেওয়া এএসপি জাকির হোসেন প্রথম আলোকে বলেন, তিনিও এই কমিটিগুলোকে সক্রিয় রাখতে সহায়তা করবেন।