সমিতির বিরুদ্ধে দায়ের মামলার তদন্ত প্রতিবেদন আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় সূর্যমুখী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। তদন্ত প্রতিবেদনে ওই সমিতির ১৩ ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
থানার পুলিশ সূত্রে জানা যায়, জামানতের টাকা তুলতে না পেরে সূর্যমুখী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর নওগাঁ জ্যেষ্ঠ বিচারিক আমলি ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন রেজাউল ইসলাম নামের এক গ্রাহক। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত বিষয়টি তদন্তের জন্য নওগাঁ সদর থানার পুলিশকে নির্দেশ দেন। সে অনুযায়ী গত মঙ্গলবার আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সোহেল রানা।
তদন্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী বাদী, সাক্ষী ও সমিতির সাধারণ গ্রাহকদের জিজ্ঞাসাবাদ করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আগামী ১৫ মে আদালতে মামলাটির শুনানির তারিখ রয়েছে।
মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়, সূর্যমুখী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আলী সরদার ও সাধারণ সম্পাদক স্বপন হোসেন অন্য আসামিদের যোগসাজশে ইকড়কুড়ি ও আশপাশ এলাকার সাধারণ মানুষকে লোভ দেখিয়ে ওই প্রতিষ্ঠানের নামে এককালীন বিভিন্ন অঙ্কের টাকা জামানত নেন। সমিতি চালুর পর কয়েক মাস গ্রাহকদের মুনাফা ঠিকমতো দিলেও বর্তমানে সমিতির লোকসানের কথা বলে গ্রাহকদের মুনাফাসহ জামানত ফেরত দেওয়া হচ্ছে না।
উপজেলা সমবায় কার্যালয় এবং ওই সমিতির গ্রাহক সূত্রে জানা যায়, ‘সমিতি ২০১৩ সালে সমবায় অধিদপ্তরের নিবন্ধন পায়, যার নিবন্ধন নম্বর ৯৩৩। ওই সমিতির সভাপতি নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ইকড়কুড়ি গ্রামের মোহাম্মদ আলী সরদার এবং তাঁর ছেলে স্বপন হোসেন সাধারণ সম্পাদক। ওই বছর থেকেই লোভনীয় আশ্বাস দিয়ে ইকড়কুড়ি, ভবানীপুর ও বোয়ালিয়া গ্রামের মানুষের কাছ থেকে জামানত নেয় সমিতি। সমিতিতে মাসিক আমানত জামানতকারীর সংখ্যা ৪৩। এদের আমানতের মোট পরিমাণ ৩২ লাখ ২৫ হাজার টাকা।’