সমুদ্র পাড়ি দিয়ে নিখোঁজ অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার উদ্দেশে সমুদ্র পাড়ি দিয়ে নিখোঁজ স্বজনদের সন্ধান করছেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী গ্রামের অসংখ্য মানুষ। হাতে হাতে নিখোঁজ স্বজনদের ছবি l প্রথম আলো
মালয়েশিয়ার উদ্দেশে সমুদ্র পাড়ি দিয়ে নিখোঁজ স্বজনদের সন্ধান করছেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী গ্রামের অসংখ্য মানুষ। হাতে হাতে নিখোঁজ স্বজনদের ছবি l প্রথম আলো

কক্সবাজার ও টেকনাফ উপকূল থেকে হারিয়ে যাচ্ছে মানুষ। ঘরে ঘরে বাড়ছে নিখোঁজ মানুষের সংখ্যা। সাগরের তীর থেকে দুর্বৃত্তরা অপহরণ করছে লোকজনকে। এরপর বস্তায় ভরে দালালের হাতে তুলে দিচ্ছে। বিপরীতে হাতিয়ে নিচ্ছে মাথাপিছু ১৫ থেকে ২০ হাজার টাকা।
অপহৃত এসব ব্যক্তি অনেক সময় বেঘোরে মারা পড়ছে সমুদ্রে। যারা বেঁচে যায়, তাদের বিক্রি করে দেওয়া হয় থাইল্যান্ডের পাচারকারী চক্রের কাছে। এরপর হতভাগা এসব ব্যক্তির পরিবারের কাছ থেকে দুই থেকে আড়াই লাখ টাকা করে আদায় করে দালাল চক্র।
দীর্ঘ সময় ধরে জেলার মহেশখালী থেকে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত ১২০ কিলোমিটার উপকূলের অন্তত ৬০টি পয়েন্ট দিয়ে শতাধিক দালাল মানব পাচার করলেও তাদের ধরা যাচ্ছে না। এ কারণে মানব পাচার আশঙ্কাজনকহারে বাড়ছে।
সূত্র জানায়, ১৭ নভেম্বর দুপুরে নৌবাহিনীর সদস্যরা সেন্ট মার্টিনের ১২০ নটিক্যাল মাইল দূরে সাগর থেকে ৫৯২ যাত্রীসহ একটি বিদেশি কার্গো ট্রলার আটক করে। এর মধ্যে ১৪ জন নারী ও দুজন শিশু রয়েছে। কক্সবাজার উপকূল থেকে ইঞ্জিনচালিত ছোট ছোট নৌকায় করে যাত্রীদের ওই কার্গো ট্রলারে বোঝাই করা হয়।
অনুসন্ধানে জানা গেছে, টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উপকূল দিয়েই বেশির ভাগ মানুষ মালয়েশিয়া যাচ্ছে। দুই বছর ধরে শাহপরীর দ্বীপের সঙ্গে টেকনাফ সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় দালালেরা সুযোগটি কাজে লাগাচ্ছে। শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ার ধলু হোসন ও শরীফ হোসনের নেতৃত্বে পাঁচ বছর ধরে মানব পাচার চললেও রহস্যজনক কারণে তারা ধরাছোঁয়ার বাইরে থাকছে। এই দুই দালালের বিরুদ্ধে টেকনাফ থানায় মানব পাচারের অন্তত ১২টি মামলা রয়েছে।
এ ছাড়া থানায় দায়েরকৃত একাধিক মামলায় দালাল হিসেবে টেকনাফের সাবরাং এলাকার আকতার কামাল, সাঈদ কামাল, মোয়াজ্জেম হোসেন, রামুর কালারমার ছড়ার মোহাম্মদ হোসেন, শাহপরীর দ্বীপ মাঝরপাড়ার জায়েত উল্লাহ, সব্বির আহাম্মদ, সাজেদা বেগম, মৌলভি আবদুুল্লাহ, মৌলভি ইউনুচ, মৌলভি কলিম উল্লাহ, আবদুস শুক্কুর, ঘোলাপাড়ার শামসুল আলম, কবির আহমদ, হাজীপাড়ার মুজিব উল্লাহসহ অন্তত ২৮০ জনের নাম রয়েছে। কিন্তু তারাও ধরাছোঁয়ার বাইরে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে তালিকাভুক্ত ২১ জন দালালকে গ্রেপ্তার ও দুই শতাধিক যাত্রীকে উদ্ধার করে। কিন্তু কারাগার থেকে মুক্ত হয়ে দালালেরা আবার আদম পাচারে জড়িয়ে পড়ছে।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, ১৫ নভেম্বর ভোরে বিজিবির সদস্যরা টেকনাফের সাবরাং এলাকার খুইল্যা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে দুই মাদ্রাসাছাত্রসহ চারজনকে উদ্ধার করে। এ সময় তিনজন দালালকেও আটক করা হয়। বিজিবির সদস্যরা যথাসময়ে অভিযান না চালালে বস্তায় ভরে তাদের ট্রলারে তুলে দেওয়া হতো।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মাহফুজুর রহমান বলেন, সম্প্রতি কলাতলী উপকূল থেকে নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। তাঁকে সমুদ্রপথে পাচারের জন্য ধরে আনা হয়েছিল। এখনো শহরের বিভিন্ন আবাসিক হোটেল বা আস্তানায় বহু লোকজনকে পাচারের জন্য মজুত রাখা হয়েছে বলে খবর রয়েছে। এ ব্যাপারে পুলিশের অনুসন্ধান চলছে।
টেকনাফ স্থলবন্দরের কাস্টম সুপার নুরে আলম বলেন, ‘গত বছরের ৯ জুলাই টেকনাফ বন্দরে পণ্য নিয়ে আসা একটি ট্রলার মিয়ানমারে ফিরে যাওয়ার সময় ২২০ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিন উপকূলে নৌবাহিনীর হাতে ধরা পড়েছিল। এখন ৫৯২ জন যাত্রী নিয়ে নৌবাহিনীর হাতে যে ট্রলারটি ধরা পড়েছে, সেটি টেকনাফ বন্দর থেকে গেছে িক না, সন্দেহ আছে। পণ্য খালাস করে জাহাজ বা ট্রলার টেকনাফ বন্দর ছেড়ে গেলে সেটি দেখার দায়িত্ব আমাদের না।’
রামু উপজেলার খুনিয়াপালং গ্রামের আবদুল মাজেদ বলেন, গত ২০ অক্টোবর থেকে তাঁর মাদ্রাসাপড়ুয়া দুই ছেলে মো. শাহজাহান (১৪) ও সাইফুল ইসলাম (১২) নিখোঁজ রয়েছে। দালাল চক্র তাদের ধরে ট্রলারে তুলে দিয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
হারিয়াখালী গ্রামের হাবিবের ছেলে ইসমাইল, আবদুল মালেকের ছেলে মুহিব উল্লাহ, কালু মিয়ার ছেলে মো. ছৈয়দ, করিম উল্লাহর ছেলে সলিম উল্লাহসহ অনেকে নিখোঁজ রয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে স্থানীয় সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, দালাল চক্র সাবরাং উপকূলকে মানব পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে। গত দুই বছরে এই সাবরাং ইউনিয়নের ১২টি পয়েন্ট দিয়ে অন্তত সাত হাজারের বেশি মানুষকে সমুদ্রে ঠেলে দেওয়া হয়েছে। এর মধ্যে নিখোঁজ রয়েছে পাঁচ শতাধিক।
কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, গত দুই মাসে পুলিশ জেলার বিভিন্ন উপকূলে অভিযান চালিয়ে ৩৩৭ যাত্রীসহ ৫৯ জন দালালকে আটক করে। এ ব্যাপারে ২০৮ জনের বিরুদ্ধে ৪৫টি মামলা করা হয়েছে। তার পরও মানব পাচার ঠেকানো যাচ্ছে না। মানব পাচার ঠেকাতে এখন উপকূলে জনমত সৃষ্টির পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে মানব পাচারবিরোধী কমিটি তৈরি চেষ্টা চালাচ্ছে পুলিশ।