সমুদ্রপথে ইয়াবার চালান জব্দ, আটক ৫
সমুদ্রপথে নৌকায় করে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার চালান নিয়ে আসার সময় পাঁচজনকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। আটক ব্যক্তিরা সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়াসংলগ্ন সমুদ্র থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ইয়াবার চালানসহ তাঁদের আটক করা হয়। আজ বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড গোয়েন্দা পরিদপ্তরের লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) আবদুর রহমান।
আটক পাঁচজন হলেন মহিদুল ইসলাম, আবুল হোসেন, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ ফজলে করিম ও মনুর আলী। জব্দ করা হয়েছে ইয়াবার চালানে ব্যবহৃত নৌকাটিও। আটক ব্যক্তিদের বরাতে জানা যায়, ইয়াবার চালানটি নিতে তাঁরা মিয়ানমারের জলসীমায় গিয়েছিলেন।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত আনুমানিক দুইটার দিকে টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়াসংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। ছেঁড়াদিয়া থেকে আনুমানিক পাঁচ নটিক্যাল মাইল দূরে মিয়ানমার সীমানা থেকে বাংলাদেশ সীমানায় অবৈধভাবে একটি কাঠের নৌকা ঢুকতে দেখা যায়।
নৌকাটির গতিবিধি সন্দেহজনক হওয়াই কোস্টগার্ডের সদস্যরা ওই নৌকাকে থামানোর সংকেত দেন। এ সময় পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি না থামিয়ে দ্রুত মিয়ানমারের সীমানার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করেন। একপর্যায়ে নৌকাটিকে নিজেদের আয়ত্তে নিয়ে নেন। নৌকায় থাকা পাঁচজনকে কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয়। পরে জব্দ করা নৌকাটিতে তল্লাশি চালিয়ে পানির ড্রামের ভেতর লুকিয়ে রাখা ১ লাখ ২৬ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) আবদুর রহমান প্রথম আলোকে বলেন, মাছ ধরার নৌকায় কৌশলে ইয়াবার চালান পাচার করা হচ্ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানার পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।