সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে ৪৮ রোহিঙ্গাকে উদ্ধার, আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় মানব পাচার চক্রের ছয়জন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় শিশুসহ ৪৮ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ভূমি অফিসের সামনে থেকে তাঁদের উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মানব পাচার চক্রের সদস্যরা রোহিঙ্গাদের সমুদ্রপথে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা বলে রোহিঙ্গা ক্যাম্প থেকে বের করেছিলেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ পৌরসভার নতুন পল্লানপাড়ার ফজল আহমদ (৬৫), উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজমপাড়া রাস্তার মাথার মোহাম্মদ আলী জোহার (২৮), একই এলাকার ইমাম হোসেন (৩৫), মো. আয়াজ (১৯) ও মো. জুবায়ের (২০) এবং পালংখালীর ভাদিতলীর মোহাম্মদ রুবেল (১৯)। এদিকে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৯ শিশু, ১৭ নারী ও ২২ পুরুষ আছেন। উদ্ধার হওয়া সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে থাকেন।

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় মানব পাচার চক্রের সদস্যরা ৪৮ রোহিঙ্গাকে উপজেলার ভূমি অফিসের সামনে জড়ো করেছিলেন। এ সময় তাঁরা সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে মানব পাচার চক্রের সদস্যদের আটক করে ও রোহিঙ্গাদের উদ্ধার করে।

ওসি সঞ্জুর মোরশেদ বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে মানব পাচার করে আসছিল। রোহিঙ্গা নাগরিকেরা এখন মানব পাচার চক্রের প্রধান লক্ষ্য। এ চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। মানব পাচারকারীরা মালয়েশিয়ায় বিভিন্ন জায়গায় ভালো চাকরি এবং রোহিঙ্গা নারীদের বিয়ের কথা বলে প্রতারণার ফাঁদে ফেলছেন।

সঞ্জুর মোরশেদ বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রলারে তুলে দেওয়ার আগে জনপ্রতি ১০ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল। তবে এর আগেই পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করেছে। আজ মঙ্গলবার সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মানব পাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।