সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ৯ রোহিঙ্গা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ৯ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কমিউনিটি পুলিশ। সোমবার সকাল ছয়টার দিকে টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং, লেদা ও হোয়াইক্যং পুটিবনিয়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। পরে উদ্ধার করা রোহিঙ্গাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়।

টেকনাফ সদর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মাহবুব উল আলম প্রথম আলোকে বলেন, এলাকায় মাদক, জঙ্গি ও সমুদ্রপথে মালয়েশিয়া পাচার প্রতিরোধে কমিউনিটি পুলিশ কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় সোমবার ৯ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ বি এম এস দোহা প্রথম আলোকে বলেন, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর জন্য স্থানীয় দালালেরা তাঁদের সমুদ্রতীরে জড়ো করে। খবর পেয়ে তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর দুপুরের দিকে তাঁদের নিজ নিজ শিবিরে ফেরত পাঠানো হয়েছে।