সম্পত্তির ভাগ চাওয়ায় ভাইকে ‘মানসিক রোগী’ সাজিয়ে শিকলে বেঁধে রাখলেন দুই ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মানসিক রোগী’ সাজিয়ে তাহের মিয়াকে শিকলে বেঁধে রাখেন ভাইয়েরা। গতকাল কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলাবাড়ি গ্রামে
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন প্রবাসে থাকা তাহের মিয়া (৪২) কয়েক মাস আগে ছুটি নিয়ে নিজ গ্রামে আসেন। বেড়ানো শেষে আবারও প্রবাসে ফিরে যাওয়ার সময় হলে সম্প্রতি তিনি দুই ভাইয়ের কাছে পৈতৃক সম্পত্তির ভাগ চান। তাহের মিয়ার অভিযোগ, এর পর থেকে ভাইয়েরা তাঁকে মানসিক রোগী হিসেবে প্রচার করতে থাকেন। শুধু তা–ই নয়, তাঁকে ঘরের বাইরের একটি গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখেন তাঁরা।

গতকাল বুধবার রাতে পুলিশ গিয়ে তাহেরকে শিকলমুক্ত করেন। তাঁকে শিকল দিয়ে বেঁধে রাখার কথা স্বীকার করেছেন তাঁর ভাইয়েরা।

তাহের মিয়ার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলাবাড়ি গ্রামে। তাঁর দুই ভাইয়ের নাম বাচ্চু মিয়া ও জামান মিয়া। তাঁদের বাবার নাম রুস্তম আলী।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে তাহের মালয়েশিয়াপ্রবাসী। তিনি ওই দেশের একটি মেয়েকে বিয়ে করেছেন। সেখানে তাঁর দুটি ছেলেসন্তান আছে। স্ত্রী–সন্তানদের রেখে ১০ মাস আগে ছুটি নিয়ে দেশে আসেন তিনি। কয়েক দিন ধরে বাচ্চু ও জামান এলাকায় প্রচার করছেন, তাহেরের মানসিক সমস্যা দেখা দেওয়ায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরপর গতকাল সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, তাহেরকে বাড়ির সামনে একটি গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এ সময় নিজেকে সম্পূর্ণ সুস্থ দাবি করে তাহের অভিযোগ করেন, ভাইদের কাছে পৈতৃক সম্পত্তির ভাগ চাওয়ায় তাঁকে মানসিক রোগী বানানো হচ্ছে। এদিকে খবর পেয়ে পুলিশ ও ইউপি চেয়ারম্যান রাতে এসে তাহেরকে মুক্ত করেন।

ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম মিয়া বলেন, তাহেরের ওপর বর্বর নির্যাতন চালানো হয়েছে। এর পেছনে মূল কারণ সম্পত্তি নিয়ে বিরোধ।

অভিযুক্ত জামান মিয়া বলেন, ‘ভাই আমাদের কাছে পৈতৃক সম্পত্তি দাবি করেছেন, সত্য। তবে তিনি পাগলামি করছেন, দা হাতে লোকজনকে তাড়া করছেন, ঘর ভেঙে দিয়েছেন। এ কারণে আমরা তাঁকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলাম।’ আরেক অভিযুক্ত বাচ্চুর দাবি, তাহের এর আগে দেশে এসে তাঁর ভাগের সম্পত্তি বিক্রি করে গেছেন। এখন তাঁর আর পৈতৃক সম্পত্তিতে ভাগ নেই।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, খবর পাওয়ার পর পুলিশ গিয়ে তাহের মিয়াকে মুক্ত করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।