খুলনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পাশাপাশি দুজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন প্রার্থীই স্নাতক (পাস) ডিগ্রিধারী। তবে তিনজনের মধ্যে সম্পদে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শেখ হারুনুর রশীদ, বার্ষিক আয়ে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী অজয় সরকার, অন্য স্বতন্ত্র প্রার্থী আলী আকবর শেখের বর্তমানে কোনো আয় নেই।
জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
জেলা নির্বাচন কার্যালয় ও দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ। অন্য দুই প্রার্থী হলেন আওয়ামী লীগের ডুমুরিয়া উপজেলা কমিটির সাবেক সদস্য অজয় সরকার ও জেলা কমিটির সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আলী আকবর শেখ।
হলফনামার তথ্য ঘেঁটে দেখা গেছে, শেখ হারুনুর রশীদের অস্থাবর সম্পদই কয়েক কোটি টাকার। শুধু নগদ, ব্যাংকে জমা ও স্থায়ী আমানত মিলিয়ে তাঁর কাছে এখন ৩ কোটি ৮১ লাখ ৩৩ হাজার টাকা রয়েছে। এ ছাড়া আছে কৃষিজমি, বাড়ি, মোটরগাড়ি, একাধিক ফ্ল্যাট ও তাঁর স্ত্রীর ৩০ ভরি সোনা।
জেলা পরিষদের প্রশাসকের সম্মানী, বাড়িভাড়া, এফডিআর ও সঞ্চয়ী হিসাবের সুদ, মাছ চাষ, কৃষি খাত থেকে আয় করেন শেখ হারুনুর রশীদ। এসব খাত থেকে প্রতিবছর তিনি ৫৩ লাখ ৬২ হাজার টাকার বেশি আয় করেন।
স্থাবর সম্পদের মধ্যে শেখ হারুনুর রশীদের ৫ দশমিক শূন্য ১ একর কৃষিজমি, ৬৬ শতক অকৃষিজমি, একটি চারতলা ও ১ হাজার ৩০০ বর্গফুটের একটি একতলা ভবন রয়েছে। এ ছাড়া ১ হাজার ৪৩৪ বর্গফুটের ও ১ হাজার ৭৯০ বর্গফুটের মোট দুটি ফ্ল্যাট রয়েছে বলে হলফনামায় তিনি উল্লেখ করেছেন।
অন্যদিকে অজয় সরকারের বার্ষিক আয় ১ কোটি ৩৬ লাখ টাকা। তিনি মৎস্য খামার, অনলাইন পত্রিকা ও ঠিকাদারি পেশায় নিযুক্ত। হলফনামায় দেখা গেছে, স্বতন্ত্র এই প্রার্থীর বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, হত্যাচেষ্টা, হত্যায় সহযোগিতা, গুমসহ দুটি মামলা ছিল। দুটিতেই তিনি বেকসুর খালাস পেয়েছেন। এখন তাঁর নামে মামলা নেই। প্রতিবছর কৃষি খাত থেকে তিনি ৬৬ লাখ এবং ব্যবসা থেকে ৭০ লাখ টাকা আয় করেন। তাঁর কাছে এখন নগদ ২৫ লাখ এবং ব্যাংকে ১ কোটি টাকা জমা রয়েছে। স্থাবর সম্পদ বলতে ২ হাজার একর ইজারা নেওয়া ঘেরের মালিক তিনি। এ ছাড়া তাঁর ব্যক্তিগত একটি জিপ ও কার আছে।
অপর প্রার্থী আলী আকবর শেখ পেশা হিসেবে ‘সমাজসেবা’ উল্লেখ করেছেন। ওই খাত থেকে কোনো আয় দেখাননি। নগদ ২ লাখ টাকা এবং স্ত্রী ও নিজের ৫ ভরি সোনা আছে। এ ছাড়া হলফনামায় আর কিছুই উল্লেখ করেননি তিনি।
শেখ হারুনুর রশীদ ও অজয় সরকার প্রত্যেকে নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত খরচ মিলিয়ে পাঁচ লাখ টাকা ও আলী আকবর শেখ চার লাখ টাকা দেখিয়েছেন। আলী আকবর শেখ দুই লাখ টাকা তাঁর স্বজনের কাজ থেকে নেবেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।
খুলনার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, প্রার্থীদের হলফনামায় উপস্থাপিত তথ্য নিয়ে কেউ যদি লিখিত অভিযোগ দেন, তখন বিষয়টি খতিয়ে দেখা হবে। কোনো অসংগতি থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।