সম্পর্কের টানে বাড়িছাড়া ছেলের সঙ্গে বাবাও জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পর্কের টানে বাড়ি ছাড়েন দুজন। এরপর মেয়েটির বাবা থানায় দেন অপহরণের অভিযোগ। পুলিশ ছেলেটির সঙ্গে তাঁর বাবাকেও গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ঘটনাটি রংপুরের বদরগঞ্জ উপজেলার।

থানায় দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, মেয়েটি রংপুর নগরের একটি স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষা দেবেন। তাঁকে প্রলোভন দিয়ে মুঠোফোনের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলেন বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর কুমারপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে শাহিন মিয়া (২২)।

একপর্যায়ে শাহিন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় মেয়েটিকে গত রোববার সকালে তিনি অপহরণ করেন। অজ্ঞাতনামা দু-তিনজনের সহায়তায় শাহিন বাড়ির পাশের রাস্তা থেকে মেয়েটিকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান।

লিখিত অভিযোগের ভিত্তিতে বদরগঞ্জ থানা-পুলিশ রোববার মধ্যরাতে শাহিনের বাড়িতে অভিযান চালায়। শাহিনকে না পেয়ে তাঁর বাবা আবদুল মান্নানকে (৫৪) ধরে থানায় নিয়ে যায় তারা। পরে শাহিনের দুই বন্ধু সুমন চন্দ্র রায় ও মনির শেখকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এরপর সোমবার ভোরে রংপুরের কামাল কাছনা বৈরাগীপাড়া থেকে শাহিনকে আটক করে। সেখান থেকে উদ্ধার করা হয় মেয়েটিকে। সোমবার মেয়েটির বাবা বদরগঞ্জ থানায় অপহরণের মামলা করেন। এতে শাহিন মিয়া ও তাঁর বাবা আবদুল মান্নান এবং অজ্ঞাতনামা দু-তিনজনকে আসামি করা হয়।

মামলায় আবদুল মান্নানের বিরুদ্ধে অভিযোগ, শাহিন অপহরণের কাজে যে মোটরসাইকেল ব্যবহার করেছিলেন, সেটি তাঁর বাবার কাছে পাওয়া গেছে।

দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক বলেন, ঘটনাটি আসলে অপহরণ নয়। প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই দুজন বাড়ি ছেড়েছিলেন। এমন ঘটনায় ছেলের বাবাকে মামলায় জড়ানোর বিষয়টি দুঃখজনক।

শাহিন মিয়া একটি কলেজে স্নাতকোত্তর শ্রেণিতে পড়াশোনা করেন। তাঁর বাবা আবদুল মান্নানের স্থানীয় বাজারে একটি মুদিদোকান রয়েছে। পরিবার বলছে, শাহিনের সঙ্গে মেয়েটির সম্পর্কের কথা পরিবারের কেউই জানতেন না। আর যদি কোনো অপরাধ হয়েই থাকে, সেটা শাহিন করেছেন। এ কারণে তাঁর বাবাকে মামলায় ফাঁসিয়ে হয়রানি করা ঠিক হচ্ছে না। ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে পরিবার।

বদরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ আলী বলেন, মেয়েটির বয়স ১৮ বছরের কয়েক মাস কম। তিনি পুলিশকে বলেছেন, সম্পর্কে টানে স্বেচ্ছায় শাহিনের সঙ্গে বাড়ি ছেড়েছিলেন। তাঁকে কেউ অপহরণ করেননি। কিন্তু অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইন অনুযায়ী মেয়েটির বক্তব্য আমলে নেওয়ার সুযোগ নেই।

গ্রেপ্তার হওয়া চারজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে জানিয়ে আরিফ আলী বলেন, তদন্তে শাহিনের বাবার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য প্রমাণিত হলে পরবর্তী সময়ে সে অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং জবানবন্দি গ্রহণের জন্য রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।