সম্প্রীতি রক্ষায় দলমত নির্বিশেষে কাজ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে মহানগর যুবলীগের উদ্যোগে শান্তি ও সম্পীতি শোভাযাত্রা হয়। মঙ্গলবার দুপুরে পায়রাচত্বর এলাকায়
প্রথম আলো

রংপুরের পীরগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার জেলা শহরে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা সম্প্রীতি রক্ষায় দলমত নির্বিশেষে কাজ করার আহ্বান জানান।

দুপুর ১২টায় জেলা যুবলীগ শহরের বেতপট্টি এলাকার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিরাজুম মুনির। বক্তব্য দেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আহসানুল হক চৌধুরী, রংপুর মহানগর অওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন প্রমুখ।

সাংসদ আহসানুল হক জানান, মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। সেই দেশে এখনো অপশক্তি মাঝেমধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে। তাদের বিনাশ করতে হবে। পীরগঞ্জের এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

আওয়ামী লীগ নেতা সাফিউর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে। পীরগঞ্জের ঘটনার যেন আর কোথাও পুনরাবৃত্তি না ঘটে।

রংপুরের পীরগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফন্ট মহানগর শাখা নগরে বিক্ষোভ মিছিল করে । রংপুর শহরের প্রেসক্লাব এলাকা
প্রথম আলো

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। প্রেসক্লাব থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মহানগর ছাত্র ফ্রন্টের সভাপতি ও সাধারণ সম্পাদক যুগেশ ত্রিপুরা ও মৌসুমী আক্তার, ছাত্র ইউনিয়নের সভাপতি নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আবেরী ইয়ামান প্রমুখ।

গত রোববার রাতে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের বড় করিমপুর এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দুর্বৃত্তরা এ সহিংসতা চালায়। এ ঘটনায় ওই গ্রামের ১৫টি পরিবারের ২১টি বাড়ির সবকিছু আগুনে পুড়ে গেছে। সব মিলিয়ে ৫০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।