ফরিদপুরে মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, অন্যকে দোষ দিয়ে নিজেদের দায় এড়ানো যাবে না। দেশে স্বাধীনতার মূল চেতনা অসাম্প্রদায়িকতা যদি ফিরিয়ে আনা না যায়, তাহলে নিজেদেরই কোনো অস্তিত্ব থাকবে না। সম্প্রীতির জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আজ বুধবার ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন স্থানে মন্দির-মণ্ডপে হামলা ও ভাঙচুর এবং হিন্দুধর্মাবলম্বীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের পরিপ্রেক্ষিতে ‘সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার’বিষয়ক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বেলা ১১টায় সভা শুরু হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশার মানুষ অংশ নেন। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি বলে কথা না, আমরা যারা রাজনীতি করি, তাঁরা এর দায় এড়াতে পারি না। অন্য দলকে দোষ দিয়ে নিজেদের দায় এড়ানো যাবে না। দেশে স্বাধীনতার মূল চেতনা অসাম্প্রদায়িকতা যদি ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না।’
সৈয়দ মাসুদ হোসেন আরও বলেন, ‘আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ ত্যাগ করে অসাম্প্রদায়িক হয়েছে আওয়ামী লীগ। সেই দলের নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্ম হয়েছে। এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে আমরা সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে দিতে পারি না।’
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী বলেন, কুমিল্লার ঘটনার এক ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে বিএনপি–জামায়াতের ওপর দায় চাপানো হলো। কিন্তু যতই দিন যাচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে এ ঘটনার সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে। ৯ দিন পর মামলা করে দুই বিএনপি নেতাকে আসামি করা হয়েছে। অথচ ওই দুই বিএনপি নেতা দুই মাস ধরে জেলে রয়েছেন।
সৈয়দ মোদাররেছ আলী আরও বলেন, ‘আমাদের পারস্পরিক ব্লেম গেম থেকে বের হয়ে আসতে হবে। অতীত ইতিহাস ভুলে দেশ গড়ার কাজে রাজনৈতিক নেতৃত্বকে এগিয়ে আসতে হবে। সম্প্রীতির জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী। বক্তব্য দেন ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক এম এ সামাদ, ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি রমেন্দ্র নাথরায় কর্মকার, ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন, জেলা বিএমএ সভাপতি আ স ম জাহাঙ্গীর চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা অশোক সিংহ রায়, জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভী মাসুদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার সভাপতি রফিকুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিটি পাড়া ও মহল্লায় সন্ত্রাস সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি গড়ে তোলা প্রয়োজন। পারিবারিক পর্যায়ে অসাম্প্রদায়িক চেতনার স্ফুরণ ঘটাতে হবে। যেসব ধর্মীয় প্রতিষ্ঠান, গোষ্ঠী, দল ও ব্যক্তি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়, তাদের ব্যাপারে নজরদারি করতে হবে।