সম্ভবত খাদ্যথলি ফুটো হয়ে টেকনাফে আসা তিমিটি মারা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি মৃত তিমি জোয়ারের পানিতে ভেসে আসে। কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর সৈকতে
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতে ভেসে আসা তিমিটি খাবারের অভাবে কিংবা খাদ্যথলি ফুটো হয়ে যাওয়ার কারণে মারা গেছে। টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত আলী এমনটা জানিয়েছেন।

গতকাল শনিবার শওকত আলী প্রথম আলোকে বলেন, গত বুধবার ভোররাতে ভেসে আসা মৃত তিমিটির ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়। কোনো কিছুর আঘাতে তিমির খাদ্যথলি ফুটো হয়ে যাওয়ার পাশাপাশি খাদ্যের অভাবে তিমিটি মারা গেছে।

টেকনাফের শামলাপুর সমুদ্রসৈকতে আসা মৃত তিমিটি লম্বায় ৩৩ ফুট ও প্রস্থে সাড়ে ১০ ফুট। দুর্গন্ধ ছড়ানো তিমিটিকে গতকাল ভোররাত সাড়ে পাঁচটার দিকে সৈকতের বালুচরের একই স্থানে পুঁতে ফেলা হয়েছে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিরল প্রজাতির একটি তিমি ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পচন ধরে দুর্গন্ধ ছড়ানোর কারণে তিমিটি পুঁতে ফেলার ব্যবস্থা করা হয়েছে।’

আরও পড়ুন

চলতি বছরের ২ মে বিকেলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি সৈকতে একটি মৃত তিমি ভেসে আসে। ২২ ফুট লম্বা ও আনুমানিক তিন টন ওজনের তিমিটি ২০ থেকে ২৫ দিন আগে গভীর সাগরে মারা গেছে বলে ধারণা করা হয়। এর আগে গত ৯ ও ১০ এপ্রিল হিমছড়ি সৈকতে ভেসে এসেছিল ১৫ ও ১০ টন ওজনের দুটি মৃত তিমি। মৃত্যুর কারণ অনুসন্ধানে তিমি তিনটির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হলেও এখন পর্যন্ত ফলাফল জানা যায়নি।