সম্মেলনের জন্য দুই মাস সময় নিল বরগুনা আ.লীগ
মেয়াদোর্ত্তীর্ণ বরগুনা জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা সম্মেলনের জন্য আবার দুই মাস সময় নিয়েছেন। এর আগে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করতে চান তাঁরা। বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত একাধিক নেতা জানান, বর্ধিত সভায় জেলার কয়েকটি উপজেলার সাংগঠনিক অস্থিরতা নিয়ে কেন্দ্রীয় নেতারা ক্ষোভ প্রকাশ করেন।
বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ রোববার সকাল ১০টায় বর্ধিত সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। যোগ দেন জেলা কমিটি, ৬ উপজেলা কমিটি, ৩টি পৌর কমিটি ও ৪২টি ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা। উপস্থিত ছিলেন দলীয় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরাও।
কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, বর্ধিত সভায় জেলার আমতলী ও পাথরঘাটা—এই দুই উপজেলায় দলীয় নেতা-কর্মীদের ওপর মামলা-হামলা ও নির্যাতনের প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করেন বাহাউদ্দীন নাছিম। তিনি বলেন, নিজেদের ফোকাস করতে গিয়ে দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা, তাঁদের মারধর করা ও মামলা দিয়ে হয়রানি করার ঘটনার সঙ্গে যে বা যাঁরা জড়িত, তাঁদের ব্যাপারে কেন্দ্রের সব জানা আছে। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কারা হাইব্রিড, কারা পেশিশক্তি ব্যবহার করে, তা চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বেতাগী উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরকে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটির সম্মেলনের তারিখ ঘোষণা করতে বলেন বাহাউদ্দীন নাছিম। এ সময় জাহাঙ্গীর কবির দুই মাসের সময় চান। নাছিমকে উদ্দেশ করে জাহাঙ্গীর বলেন, ‘আমরা তারিখ দেব, আপনারা সেই তারিখ ঠিক রাইখেন।’ জবাবে বাহাউদ্দীন নাছিম বলেন, ‘আপনারা ঠিক রাখলে আমাদের ঠিক থাকবে।’
সভা শেষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোতালেব মৃধা প্রথম আলোকে বলেন, বর্ধিত সভায় জেলার সম্মেলনের জন্য দুই মাসের সময় নেওয়া হয়েছে। এবার বাধ্যতামূলক সম্মেলন করতেই হবে। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। সভায় দুই উপজেলার নেতাদের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় নেতারা।
জেলা আওয়ামী লীগের সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ ধীরেন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহম্মদ, কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান ও গোলাম রাব্বানী, বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান, সংরক্ষিত আসনের সাংসদ সুলতানা নাদিরা প্রমুখ।
বরগুনা জেলা আওয়ামী লীগের সবশেষ সম্মেলন হয় ২০১৪ সালে। তিন বছর মেয়াদের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে ২০১৭ সালে। এরপর কয়েক দফা সম্মেলনের জন্য বর্ধিত সভা ও সম্মেলন করার উদ্যোগ নিলেও তা হয়নি। বরগুনা জেলা আওয়ামী লীগে বর্তমান সভাপতি সাংসদ ধীরেন্দ্র দেবনাথ ও জাহাঙ্গীর কবির ৩০ বছর ধরে দুটি পদ আগলে রেখেছেন। অভিযোগ, সম্মেলন হলে তাঁরা পদ হারাতে পারেন, এমন আশঙ্কায় সম্মেলন করার ব্যাপারে তাঁরা আগ্রহী নন।