সময় বাড়ানোয় আজও চলছে ময়মনসিংহ বইমেলা
ময়মনসিংহ বইমেলা গতকাল বৃহস্পতিবার শেষ হওয়ার কথা থাকলেও আজ শুক্রবার ছুটির দিনে খোলা থাকছে। গতকাল বিকেলে বইমেলা আরও এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় আয়োজক কর্তৃপক্ষ ময়মনসিংহ সিটি করপোরেশন। পাঠকদের অনুরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন। তাই আজ সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে বইমেলা।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, গত শুক্রবার ময়মনসিংহ নগরের ব্রহ্মপুত্র নদের পাড়ে শিল্পাচার্য জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে শুরু হয়েছিল বইমেলা। মেলায় মোট ৩৮টি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল রয়েছে। প্রতিদিন বিকেল থেকে রাত আটটা পর্যন্ত আলোচনা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বইমেলার বাড়তি আকর্ষণ।
গতকাল রাতে বইমেলায় অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশনের পক্ষ থেকে বাংলা একাডেমি পদকপ্রাপ্ত লেখক ও ফোকলোরবিদ আমিনুর রহমান সুলতান ও আনজীর লিটনকে সংবার্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক। উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত লেখক হরিশংকর জলদাস, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী ও সচিব রাজীব কুমার সরকার।