বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকার গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন হরণ করে স্বাধীনতার চেতনা ধ্বংস এবং স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তীকে বিবর্ণ করেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শহরের শহীদ স্মৃতিসৌধ এলাকায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন। সৈয়দ এমরান বলেন, সরকার দেশের মানমর্যাদা ধূলিসাৎ করে দিয়েছে। নিজেদের অনৈতিক শাসন দীর্ঘায়িত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে গুম, খুনসহ মানবাধিকার লঙ্ঘন করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে। যার ফলে যুক্তরাষ্ট্র র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এ নিষেধাজ্ঞার ফল চরম আকার ধারণ করতে পারে। এ জন্য দায়ী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করে তিনি অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর আহ্বান জানান।
সৈয়দ এমরান বলেন, সরকার নিজেদের অনৈতিক শাসন দীর্ঘায়িত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে গুম, খুনসহ মানবাধিকার লঙ্ঘন করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী। আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, আবদুল হামিদ প্রমুখ।
সমাবেশের আগে হালুয়াঘাট উপজেলা বিএনপির উদ্যোগে শহরে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ব্যানার-ফেস্টুন নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।