‘সরকার দেশের মানুষকে ১০ টাকায় চাল দেওয়ার কথা বলে ধোকা দিয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল প্রেসক্লাবের সামনে
ছবি: প্রথম আলো

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের আগরপুর রোডে বরিশাল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভোটবিহীন এই সরকার দেশের মানুষকে ১০ টাকায় চাল দেওয়ার কথা বলে ধোকা দিয়েছে। এখন একের পর এক দ্রব্যের মূল্য বাড়িয়ে জনগণের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। সরকার নির্বাচনী ইশতেহার ভুলে গেছে, কারণ, জনগণের জন্য তাদের কোনো দরদ নেই। এখন তাদের একটাই ধান্দা—টাকা আর টাকা। দেশের সম্পদ লুটপাট করে কে কত টাকা আয় করতে পারে, সেই প্রতিযোগিতা চলছে।

সরকারপ্রধানকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তবে গদি ছেড়ে দিন। অন্যথায় সাধারণ মানুষ আপনাদের ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামাবে। তৃতীয় শক্তির আশ্রয়ে ক্ষমতা আঁকড়ে আছেন, সেটা কত দিন থাকবেন। এখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, সাধারণ মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। টিসিবির ট্রাকের পেছনে মানুষের ঢল দেখে বোঝা যায়, মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার বুলি কেবল ফাঁকা আওয়াজ।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম এই সমাবেশের সভাপতিত্ব করেন। সমাবেশে যুব গণঅধিকার পরিষদের বরিশাল মহানগর কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাইদ আহমেদ, মহানগর ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি আবু নাইম, যুব অধিকার পরিষদের রুহুল আমিন, নাজমুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। এ সময় ৪ মার্চ ঢাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানান তাঁরা।

এর আগে সংগঠনটি নগরে বিক্ষোভ মিছিল করে। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল, আগরপুর রোডে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে।