সরকার নজর দেয়নি, গ্রামবাসীই বানিয়ে ফেললেন আড়াই কিলোমিটার রাস্তা
বর্ষার তিন মাস নিমজ্জিত থাকে পুরো এলাকা। চলাচলের একমাত্র ভরসা নৌকা। শুকনা মৌসুম যখন আসে, তখন হাঁটা ছাড়া কোনো উপায় থাকে না। কারণ, পাশাপাশি তিন গ্রামে কোনো রাস্তা নেই।
কয়েক যুগ ধরে এভাবেই চলছে। রাজনৈতিক নেতাদের সদিচ্ছা কিংবা সরকারের সুদৃষ্টি, কোনোটিই পড়েনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর, ষাটবাড়িয়া ও হরিপুর গ্রামে। সে কারণে গ্রামবাসী নিজেরাই নিলেন উদ্যোগ। হাওরের বুক চিরে বানিয়ে ফেললেন আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক।
হাওরবেষ্টিত পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর থেকে ষাটবাড়িয়া পর্যন্ত আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি উদ্বোধন করা হয়েছে আজ রোববার। তিন গ্রামের বাসিন্দাদের সঙ্গে নিয়ে রাস্তাটির উদ্বোধন করেন পাকশিমুল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান কাউছার হোসেন।
গ্রামবাসী জানান, বাধ্য হয়েই পরমানন্দপুর ও ষাটবাড়িয়া গ্রামের মধ্যকার হাওরে মাটির রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন তাঁরা। প্রথমে ওই দুই গ্রামের ৪৭ কৃষক তাঁদের জমির একাংশ দান করেন রাস্তার জন্য। এরপর গ্রামবাসী মাটি ভরাটের জন্য ৮ লাখ টাকা চাঁদা তোলেন। তাঁরা জানান, ১৫ দিনে খননযন্ত্রের পাশাপাশি গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তিন মিটার প্রস্থের রাস্তাটি নির্মাণ করেন। আজ উদ্বোধন উপলক্ষে রাস্তাটিকে সাজানো হয়েছে। নতুন রাস্তার উদ্বোধন নিয়ে গ্রামবাসীর আনন্দ-উচ্ছ্বাসের কমতি ছিল না।
পরমানন্দপুর গ্রামের বাসিন্দা আঙ্গুর মিয়া বলেন, ‘আমাদের এখানে কেউ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিতে পারি না। এখন এ সমস্যা কিছুটা হলেও কমবে।’ পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউছার হোসেন প্রথম আলোকে বলেন, ‘গ্রামবাসী একটি ভালো উদ্যোগ নিয়েছেন। আমার বরাদ্দ থেকে রাস্তাটির উন্নয়নের চেষ্টা চালাব।’
এ বিষয়ে সরাইলের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী নিলুফা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, এ ধরনের ডুবোরাস্তা করার পরিকল্পনা তাঁদেরও রয়েছে।