সরকার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা বিএনপির আসন্ন সম্মেলন উপলক্ষে আয়োজিত জরুরি সভায় বক্তব্য দিচ্ছেন দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। আজ নগরের শিবগঞ্জ এলাকায় জেলা বিএনপির আহ্বায়কের কার্যালয়ে
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করেছে। অথচ বিএনপি ক্ষমতায় থাকলে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়। বিএনপিই দেশের প্রকৃত গণতান্ত্রিক দল।

সিলেট জেলা বিএনপির আসন্ন কাউন্সিলকে সামনে রেখে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় নগরের শিবগঞ্জ এলাকায় জেলা বিএনপির আহ্বায়কের কার্যালয়ে এ সভা হয়। ২১ মার্চ জেলা বিএনপির কাউন্সিল হওয়ার কথা। জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে সভায় কাউন্সিলকে অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

জাহিদ হোসেন বলেন, কাউন্সিলের মাধ্যমে দলের সব স্তরে যোগ্য কর্মীবান্ধব নেতারা নেতৃত্বে আসেন। এতে দলের কার্যক্রম শক্তিশালী হয় এবং দলের ভেতরে গণতন্ত্রের বিকাশ ঘটে। তিনি সিলেট জেলা বিএনপির আসন্ন কাউন্সিল সারা দেশের রোল মডেল হিসেবে বিবেচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান ও সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন। সভায় জেলা আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, আবদুল কাইয়ুম চৌধুরী, ফখরুল ইসলাম, মাহবুবুর রহমান চৌধুরী, মামুনুর রশীদ, ইশতিয়াক আহমদ, এমরান আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

জরুরি সভায় কাউন্সিল নির্বাচন পরিচালনা করার জন্য গঠিত কমিটির প্রধান আবদুল গফফার ও সদস্য মঈনুল হক চৌধুরী, এ টি এম ফয়েজ, সামিয়া বেগম চৌধুরী ও শাহজামাল নুরুল হুদা উপস্থিত ছিলেন। সভায় কাউন্সিল সুষ্ঠুভাবে শেষ করতে পাঁচটি উপকমিটি গঠন করা হয়।