‘সরকার যেন তাড়াতাড়ি সড়ক কোনা ঠিক করি দেয়’
রংপুরের তারাগঞ্জ উপজেলার চারটি পাকা সড়ক বেহাল। সড়কগুলো খানাখন্দে ভরপুর। এ অবস্থা চলে আসছে দীর্ঘদিন থেকে। ফলে পথচারীদের দুর্ভোগ বাড়ছে।
খিয়ারজুম্মা-আলমপুর ইউনিয়ন পরিষদ সড়ক
উপজেলা সদরসহ, রংপুর-দিনাজপুর মহাসড়কের সঙ্গে যোগাযোগ সহজ করতে খিয়ারজুম্মা থেকে আলমপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত চার কিলোমিটার রাস্তাটি আট বছর আগে পাকা করা হয়। কিন্তু ওই সড়কের সাবেক চেয়ারম্যান মঞ্জুর কাদের চৌধুরীর বাড়ি থেকে আলমপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত দেড় কিলোমিটার অংশের অবস্থা খুবই খারাপ। সড়কের বেশির ভাগ স্থানের কার্পেটিং উঠে গেছে। কোথাও কোথাও বড় বড় গর্ত।
আলমপুর গ্রামের কৃষক তরিকুল ইসলাম বলেন, ‘রাস্তা কোনা ভাঙি যেয়্যা হামার যন্ত্রণা বেশি হইছে। খালি পায়েও এ্যালা হাঁটা যায় না। পাওয়োত ইটের গিট্টি গুতা নাগে। সরকার যেন তাড়াতাড়ি সড়ক কোনা ঠিক করি দেয়।’
খিয়ারজুম্মা বাজারের মোড়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন শেরমস্ত গ্রামের রিকশাচালক রশিদ মিয়া। রাস্তার কথা জিজ্ঞাসা করতেই বলেন, ‘এই রাস্তা কোনার কথা ভাই কন না। হামার কষ্ট কমার জন্যে সরকার পাকা সড়ক বানাইছে। এখন দেখি সেই সড়কই কষ্টের কারণ হয়া দাঁড়াইছে। রাস্তাটা দিয়া খালি ভ্যান ধরি যাওয়াও কষ্ট। যাত্রী আর মালবোঝাই করে ভ্যান টানি নিগাইতে জানটা ব্যারে যাবার চায়।’
ইকরচালী বাজার-ডাঙ্গাপাড়া সড়ক
ইকরচালী বাজার থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য দেড় কিলোমিটার। ওই সড়ক দিয়ে দোলাপাড়া, তেলিপাড়া, পঞ্চায়েতপাড়া বানিয়াপাড়া, কুঠিয়ালপাড়া, মেনানগর, মাটিয়ালপাড়া, সরকারপাড়া, ছুট মেনানগর গ্রামের মানুষ ও চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করে। কিন্তু সড়কটির হামিদার রহমানের বাড়ি থেকে দোলাপাড়া পর্যন্ত ৪০০ মিটার অংশ বেহাল। এ অংশে সড়ক দুই দিকের পুকুরে ভেঙে সংকীর্ণ হয়ে গেছে। বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে যানবাহন ও পথচারীরা।
ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ইউসুফ আলী বলেন, ‘ভাই, দোলাপাড়ার কাছোত সড়কের দুই পাশোত পুকুর। সেই পুকুরোত সড়ক কোনো ভাঙি যায়া শুরু মাল্লি (আল) হইছে। রিকশা ভ্যান প্রায় উল্টি যায়। তা–ও সরকার সড়কটা হামার ঠিক করি দেয় না।’
ইকরচালী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী লাজিনা আক্তার বলে, ‘ওই সড়ক দিয়ে এখন পায়ে হেঁটে চলতে কষ্ট হয়। রিকশা যাবার সময় ঝাঁকি দেয়। পুকুরের কাছোত বড় ভাঙাত রিকশা উল্টিও যায়।’
বামনদীঘি-পারঘাট সড়ক
হাড়িয়ারকুঠি ইউনিয়নের প্রধান সড়ক বামনদীঘি-পারঘাট সড়কটি। ১০ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি দিয়ে তারাগঞ্জ, রংপুরসহ ১৫টি গ্রামের মানুষ বিভিন্ন স্থানে চলাচল করে। ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও ওই সড়ক দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। কিন্তু সড়কটির সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ি থেকে হাতীবান্ধা বাজার পর্যন্ত দুই কিলোমিটার অংশ খানাখন্দে ভরা।
শেখপাড়া গ্রামের ফরিদ শেখ আক্ষেপ করে বলেন, ‘সরকারি রাস্তা যখন বানাইছে, তখন ঠিকাদার দুই নম্বর মালামাল দিছে। সেই জন্যে রাস্তাটা তাড়াতাড়ি নষ্ট হয়া গেইছে। গোটায় রাস্তাত এক হাত বাদ বাদ পিচ উঠি যেয়া বড় বড় গর্ত হইছে। বৃষ্টি হইলে গর্তগুলাত পানি জমে। তখন এদি হাঁইটপার সময় কাপড় নষ্ট হয়। খরার সময়ও ইটের গুঁড়া চোখেমুখে পড়ে।’
ইকরচালী-বিড়াবাড়ি সড়ক
বেহাল ইকরচালী-বিড়াবাড়ি সড়কটিও। দুই কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়ক দিয়ে সাতটি গ্রামের মানুষ রংপুর শহর, উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। বর্তমানে সড়কটির সাবেক ইউপি সদস্য পারুল মেম্বারের বাড়ি পর্যন্ত ৩০০ মিটার অংশ খানাখন্দে ও গর্তে ভরে যাওয়ায় যান চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের জন্য পায়ে হেঁটেও চলাচল করা দুষ্কর।
দোহাজারী গ্রামের কৃষক ফরিদুল মিয়া বলেন, ‘রাস্তাটা তো মেলা জায়গাত ভাঙি যেয়্যা গর্ত হইছে। ভাঙা গর্তের জন্যে যাইতে–আসতে মাইনষের কষ্ট হওছে। তা–ও রাস্তাটা ঠিক করা হওছে না। রাস্তাটা ঠিক করতে সমস্যা কোনটে, বুঝি না।’
ইকরচালী ইউপির চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, ‘নতুন দায়িত্ব পেয়েছি। ইকরচারী-বিড়াবাড়ি ও ইকরচালী বাজার-ডাঙ্গাপাড় সড়ক দুটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে বলব। উপজেলা সমন্বয় কমিটিতেও এ নিয়ে আলোচনা করব।’
তারাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়েজিদ বোস্তামী বলেন, সড়কগুলোর অবস্থা তো খুবই করুণ। এগুলো সংস্কার না করায় যাতায়াতের ক্ষেত্রে মানুষের কষ্ট বাড়ছে।
উপজেলা প্রকৌশলী আহমেদ হায়দার জামান বলেন, সড়কগুলোর করুণ অবস্থার কথা জানা আছে। ইতিমধ্যে খিয়ারজুম্মা-আলমপুর সড়কটি সংস্কারের পরিকল্পনা করা হয়েছে। বাকি সড়কগুলোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে।