সরকার সমঝোতায় না এলে গণ–অভ্যুত্থানের আহ্বান জোনায়েদ সাকির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা জনসভায় বক্তব্য দেন জোনায়েদ সাকি। আজ শনিবার বিকেলে রাজশাহী নগরের গণকপাড়া মোড়ে
ছবি: শফিকুল ইসলাম

দেশ এখন ভয়াবহ খাদের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এই দায় সম্পূর্ণ সরকারের উল্লেখ করে তিনি বলেছেন, ‘এই সরকার যদি রাজনৈতিক সমঝোতায় না আসে, তাহলে আসুন গণ-অভ্যুত্থান করে এই সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে ভোটাধিকারসহ সব অধিকার আদায় করি। ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে এই রাষ্ট্রের সংস্কার করতে হবে। এই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর তার মাধ্যমেই ঘটিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।’

গণসংহতি আন্দোলনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলার জনসভায় প্রধান বক্তা হিসেবে জোনায়েদ সাকি এই মন্তব্য করেন। আজ শনিবার বিকেলে রাজশাহী নগরের গণকপাড়া মোড়ে এই জনসভার আয়োজন করা হয়।

জনসভায় জোনায়েদ সাকি বলেন, ‘মানুষ যখন রাজনীতিতে হতাশ হয়ে পড়ে, তখন দেশটা হতাশার দিকে চলে যায়। উগ্রবাদের দিকে চলে যায়। শেখ হাসিনা বলছেন, তাঁরা নাকি জঙ্গিবাদ দমন করছেন। আমরা বলছি, বাংলাদেশে এই নির্বাচনব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস করে বাংলাদেশে জঙ্গিবাদের জন্ম দিচ্ছেন এই শেখ হাসিনাই। দেশের বর্তমান, ভবিষ্যৎ এর ভেতরের ও আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবিলায়—সমস্ত কিছুর স্বার্থে এখন দরকার বাংলাদেশের গণতন্ত্রে ফেরা, ভোটের অধিকারে ফেরা। ভোটাধিকার হচ্ছে বাংলাদেশের একমাত্র দাবি, যে দাবির পক্ষে ১৬ কোটি মানুষ একসঙ্গে রয়েছে।’

সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘সময় এখনো আছে। দ্রুত ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য করতে হবে। পদত্যাগের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দিকে নিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, ‘আসুন রাজনৈতিক সমঝোতায় বসি। আগামী তিনটি নির্বাচন এই রকম অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনে নিয়োগ ও সব সাংবিধানিক পদ স্বাধীন সাংবিধানিক কমিশনের মাধ্যম নিয়োগ দিতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার আহ্বায়ক মুরাদ মোর্শেদ। এতে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার সদস্যসচিব জুয়েল রানা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক জিন্নাত আরা, রাজনীতিবিষয়ক সম্পাদক নাদিম সিনা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন, রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আবদুল মজিদ প্রমুখ।